
স্টাফ রিপোর্টার, বাংলার খবর
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নের হরিণবেড় গ্রামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে বিষের বোতল হাতে নিয়ে টানা ছয় দিন ধরে অনশন করছেন লায়লা নামের এক তরুণী। গত শনিবার (৮ আগস্ট) থেকে আজ (১৩ আগস্ট) পর্যন্ত তিনি দুবাই প্রবাসী আমিন খানের বাড়িতে অবস্থান করছেন।
ভুক্তভোগী তরুণীর দাবি, দুবাই প্রবাসী আমিন খানের সঙ্গে তাঁর প্রায় চার বছর ধরে প্রেমের সম্পর্ক রয়েছে। আমিন দেশে থাকাকালীন দুই বছর এবং প্রবাসে যাওয়ার পর আরও দুই বছর বিয়ের প্রলোভন দেখিয়ে তাঁর সঙ্গে সম্পর্ক বজায় রাখেন। কিন্তু বর্তমানে আমিন বিয়ে করতে অস্বীকৃতি জানাচ্ছেন।
মেয়ের বাবা সোহাগ খান জানান, স্থানীয় সর্দার-মাতব্বররা বিষয়টি নিষ্পত্তির চেষ্টা করলেও ছেলেপক্ষ টালবাহানা করছে, যা তাঁর মেয়ের জীবনকে মারাত্মক ঝুঁকিতে ফেলেছে। অভিযুক্ত আমিন খানের বড় ভাই আজমল খান সম্পর্কের কথা স্বীকার করলেও ছোট ভাই বিয়েতে রাজি না থাকায় তাঁরা কিছু করতে পারছেন না বলে জানান। এছাড়া বিষের বোতল হাতে থাকার বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা নিবৃত্ত করে সরিয়ে নিয়েছেন।
এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো মামলা দায়ের হয়নি। তবে প্রবাসী প্রেমিকের বাড়িতে তরুণীর অনশনের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
বাংলার খবর ডেস্ক : 






















