
জালাল উদ্দিন লস্কর, বাংলার খবর
মৌলভীবাজারসহ সিলেট বিভাগের বিভিন্ন জেলার কুখ্যাত ডাকাত ও ১৫ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি সাদ্দাম হোসেন কাজলকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত কাজল মৌলভীবাজার সদর উপজেলার আথানগিরী গ্রামের আব্দুল আজিজের ছেলে।
পুলিশের রেকর্ডপত্র অনুযায়ী, কাজলের বিরুদ্ধে মৌলভীবাজারের পাশাপাশি সিলেট, হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন থানায় মোট ১৫টি ডাকাতির মামলা রয়েছে। এছাড়া আদালত থেকেও তার বিরুদ্ধে আরও চারটি মামলার গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারিতে থাকা এই ডাকাতকে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত কাজলের বিরুদ্ধে থাকা আগের মামলাগুলো যাচাই-বাছাই করা হচ্ছে এবং তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
বাংলার খবর ডেস্ক : 























