
পারভেজ হাসান, লাখাই প্রতিনিধি, বাংলার খবর
হবিগঞ্জের লাখাই উপজেলার তেঘরিয়া পূর্ব গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে রক্তক্ষয়ী সংঘাতের শঙ্কা দেখা দিলেও শেষ পর্যন্ত শান্তি ও সামাজিক সম্প্রীতির জয় হয়েছে। লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) শরীফ আহমেদের আহ্বানে সাড়া দিয়ে দুই পক্ষই সংঘাত এড়িয়ে আলোচনার মাধ্যমে বিরোধ মিটিয়ে ফেলেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১০ আগস্ট ২০২৬ তারিখে তেঘরিয়া পূর্ব গ্রামের দুই পক্ষের মধ্যে বিরোধ ও উত্তেজনার সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ও সামাজিক শান্তি বজায় রাখতে লাখাই থানা পুলিশ দ্রুত সক্রিয় হয়। ওসি শরীফ আহমেদ দুই পক্ষকেই সংঘাতের পথ পরিহার করে পারস্পরিক আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের জন্য উদাত্ত আহ্বান জানান। ওসির ইতিবাচক ও দায়িত্বশীল আহ্বানে সাড়া দিয়ে গ্রামবাসীরা নিজেদের ভেদাভেদ ভুলে সমঝোতায় পৌঁছান।
রক্তক্ষয়ী সংঘাত এড়াতে গ্রামবাসীর এই দূরদর্শী সিদ্ধান্তে স্থানীয় জনমনে স্বস্তি ফিরেছে। এই শান্তিপূর্ণ সমাধানের প্রশংসা করে লাখাই থানার ওসি শরীফ আহমেদ গ্রামবাসীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এক প্রতিক্রিয়ায় ওসি শরীফ আহমেদ বলেন, “লাখাইকে শান্তির জনপদ হিসেবে গড়ার লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি। তেঘরিয়া পূর্ব গ্রামের মানুষের এই সিদ্ধান্ত শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি অনুকরণীয় দৃষ্টান্ত। সংঘাতের পরিবর্তে আলোচনার এই সংস্কৃতি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ পরিবেশ তৈরি করবে।” তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে যেকোনো বিরোধের ক্ষেত্রে গ্রামবাসী একইভাবে সহনশীলতা ও সংলাপের পথ বেছে নেবেন।
বাংলার খবর ডেস্ক : 





















