
লাখাই প্রতিনিধি:
হবিগঞ্জের লাখাই উপজেলায় অভিযান চালিয়ে ২ লিটার দেশীয় চোলাই মদ এবং ৩০ লিটার মদ তৈরির উপকরণ (ওয়াশ) জব্দসহ পার্বতী রবিদাস (৩৫) নামে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার লাখাই থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত পার্বতী রবিদাস উপজেলার লাখাই ইউনিয়নের স্বজন গ্রামের লিটন রবিদাসের স্ত্রী। পরে তাকে আদালতের মাধ্যমে হবিগঞ্জে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে লাখাই থানা পুলিশের একটি দল স্বজন গ্রামে পার্বতী রবিদাসের বসতবাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় তার কাছ থেকে ২ লিটার প্রস্তুতকৃত দেশীয় চোলাই মদ এবং মদ তৈরির ৩০ লিটার ওয়াশ উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, উদ্ধার করা আলামত জব্দ করে পার্বতী রবিদাসের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়।
লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শরিফ উদ্দিন বলেন, এলাকায় মাদক নির্মূলে পুলিশের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। মাদক ব্যবসা ও মাদক সংশ্লিষ্ট অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
বাংলার খবর ডেস্ক : 
























