
নিজস্ব প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুর ও চুনারুঘাট উপজেলায় ভয়াবহ লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। দীর্ঘদিন ধরে অব্যাহত বিদ্যুৎ সংকটে শিক্ষার্থী, ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।
এই অবস্থায় জনভোগান্তি কমাতে হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্যের জরুরি হস্তক্ষেপ কামনা করে একটি খোলা চিঠি দিয়েছেন স্থানীয় এক সচেতন সংবাদকর্মী হামিদুর রহমান।
প্রাপ্ত তথ্যমতে, হবিগঞ্জ জেলায় প্রায় ২ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হলেও স্থানীয় চাহিদার তুলনায় সরবরাহ অত্যন্ত কম। মাধবপুর ও চুনারুঘাট অঞ্চলে যেখানে প্রায় ১৭ মেগাওয়াট বিদ্যুৎ প্রয়োজন, সেখানে সরবরাহ করা হচ্ছে মাত্র ৬ মেগাওয়াট।
ফলে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎহীন থাকতে হচ্ছে পুরো এলাকার মানুষকে। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে, স্থানীয়রা ব্যঙ্গ করে বলছেন— “বিদ্যুৎ যায় না, মাঝে মাঝে আসে।”
খোলা চিঠিতে উল্লেখ করা হয়, সরকার নির্ধারিত সময় অনুযায়ী সন্ধ্যার মধ্যে দোকানপাট বন্ধ রাখার পরও লোডশেডিং কমছে না। উৎপাদনকারী জেলা হিসেবে হবিগঞ্জবাসী বিদ্যুতের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে বলে মনে করছেন সচেতন মহল।
এতে বলা হয়, অন্তত ১৭ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত না হলে এই অঞ্চলের কৃষি, ব্যবসা ও শিক্ষা ব্যবস্থা বড় ধরনের ক্ষতির মুখে পড়বে।
এই সংকট নিরসনে সংসদ সদস্যের মাধ্যমে সরকারের উচ্চপর্যায়ে এবং জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে সমন্বিত উদ্যোগ নেওয়ার দাবি জানানো হয়েছে। এলাকাবাসীর প্রত্যাশা, দ্রুত কার্যকর পদক্ষেপের মাধ্যমে এই অসহনীয় লোডশেডিং থেকে মুক্তি মিলবে।
বাংলার খবর ডেস্ক : 























