
লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি:
বর্তমান ফেতনার এই কঠিন সময়ে দ্বীনি শিক্ষার প্রসার ও তরুণ প্রজন্মকে সুস্থ সংস্কৃতির পথে উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে হবিগঞ্জের লাখাই উপজেলার সাতাউক উত্তর গ্রাম। সাতাউক কমিউনিটি ক্লিনিক প্রাঙ্গণে ‘আল হিকমা যুব সংগঠন’-এর উদ্যোগে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে হাফেজ সংবর্ধনা ও ইসলামী নাশিদ সন্ধ্যা।
অনুষ্ঠানে গ্রামের ৮ জন নবীন হাফেজে কুরআন এবং সদ্য এসএসসি উত্তীর্ণ ২ জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা প্রদান করা হয়। এতে পুরো এলাকায় উৎসবমুখর ও আধ্যাত্মিক পরিবেশ সৃষ্টি হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ লুতফুর রহমান আকাশ। পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন হাফেজ ক্বারী ফয়সাল আহমদ জামাল। প্রধান ও বিশেষ অতিথিদের হাত থেকে সম্মাননা গ্রহণ করেন সংবর্ধিত শিক্ষার্থীরা।
সংবর্ধিত হাফেজগণ হলেন ফখরুল ইসলাম রনি, মিনহাজ উদ্দিন রাজু, আলিম উদ্দিন, তামিম ইকবাল, ইয়ামিন আহমেদ, আব্দুল হাকিম, সালমান আহমেদ এবং ফখরুল ইসলাম রনি। কৃতি শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন শিপন মিয়া ও ফারদিন আহমেদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুড়িয়াউক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল আমীন, এসআই গোলাম ফাত্তাহ মোর্শেদ চৌধুরী, সাংবাদিক পারভেজ হাসান ও জুবায়ের আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ইসলামী নাশিদ পরিবেশনা। সবুজকুঁড়ি সিলেটের শিল্পী ইশফাক আহমদ তুহিন, হুসাইন শাহান, ইমরান আহমদ, সাফওয়ান মুয়াজ আলভী ও মো. হোসাইন আহমদের পরিবেশনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। পাশাপাশি কলরবের শিল্পী হাফেজ জুবায়ের আহমেদ তানজিম ও হাফেজ মোবাশ্বির আহমেদের পরিবেশনাও ছিল প্রশংসনীয়।
বক্তারা বলেন, কুরআন হিফজ ও জ্ঞান অর্জন মহান আল্লাহর বিশেষ নেয়ামত। বর্তমান সময়ে তরুণ সমাজকে সঠিক পথে পরিচালিত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
অনুষ্ঠানে রাসুলুল্লাহ (সা.)-এর বাণী উল্লেখ করে বলা হয়, “তোমাদের মধ্যে সেই সর্বোত্তম, যে কুরআন শেখে এবং অন্যকে শেখায়।” (সহিহ বুখারি)। এ ধরনের আয়োজন সমাজে নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করতে সহায়ক হবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।
গ্রামবাসী এ আয়োজনকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও এমন কর্মসূচি অব্যাহত রাখার আহ্বান জানান।
বাংলার খবর ডেস্ক : 






















