
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জ-৪ (মাধবপুর–চুনারুঘাট) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ মো. ফয়সলকে কেন্দ্র করে চুনারুঘাট উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে অভূতপূর্ব ঐক্য লক্ষ্য করা যাচ্ছে। নির্বাচনী প্রচারণার দ্বিতীয় দিন শুক্রবার মিলাদ ও দোয়ার মধ্য দিয়ে চুনারুঘাট উপজেলা বিএনপি কার্যালয়ের উদ্বোধন করেন তিনি।
কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতি প্রমাণ করে, ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে দলীয় কোন্দল ভুলে সবাই এক কাতারে এসে দাঁড়িয়েছেন। দীর্ঘদিনের বিভক্তি ও মতভেদ পেছনে ফেলে উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা একই মঞ্চে মিলিত হন।
অনুষ্ঠানে উপস্থিত নেতারা বলেন, এই আসনে বিএনপির বিজয় নিশ্চিত করতে ঐক্যের কোনো বিকল্প নেই। দলীয় সিদ্ধান্তকে সম্মান জানিয়ে সবাই এখন ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করছেন।
উল্লেখ্য, এই আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন দলের কেন্দ্রীয় নেত্রী শাম্মী আক্তার। মনোনয়ন না পেলেও তিনি কোনো অভিমান না করে দলের নির্দেশ মেনে মনোনীত প্রার্থী সৈয়দ মো. ফয়সলের পক্ষে সক্রিয়ভাবে প্রচারণায় অংশ নিচ্ছেন। তার এই ভূমিকা নেতাকর্মীদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে এবং ভোটের মাঠে এর বড় প্রভাব পড়বে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
চুনারুঘাট উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান বলেন, চুনারুঘাট বিএনপি একটি অত্যন্ত শক্তিশালী সংগঠন। গণতন্ত্র ও দেশের কল্যাণে আমরা কাজ করছি। অতীতের সব ভেদাভেদ ভুলে আজ আমরা এক কাতারে মিলিত হয়েছি। এই আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।
জেলা বিএনপির নেতা ও সাবেক মেয়র নাজিম উদ্দীন শামছু বলেন, হবিগঞ্জ-৪ আসনের জনগণ পরিবর্তন চায়। সৈয়দ মো. ফয়সল একজন সৎ ও ত্যাগী নেতা। দলীয় ঐক্যের মাধ্যমেই আমরা এই আসন পুনরুদ্ধার করব, ইনশাআল্লাহ।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মীর সিরাজ, পৌর বিএনপির সহসভাপতি আব্দুল কাদির সরকার, হাজী রওশন আলী, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহ নেওয়াজসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
অনুষ্ঠান শেষে নেতাকর্মীরা দলীয় কার্যালয় থেকে বের হয়ে চুনারুঘাট পৌর এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। আগামী দিনে গ্রাম থেকে গ্রামান্তরে ব্যাপক প্রচারণার মাধ্যমে সাধারণ ভোটারদের কাছে বিএনপির বার্তা পৌঁছে দেওয়ার ঘোষণা দেন তারা।
দলীয় ঐক্য, নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ এবং সাধারণ মানুষের আগ্রহ—সব মিলিয়ে চুনারুঘাটে বিএনপির নির্বাচনী মাঠ দিন দিন আরও চাঙ্গা হয়ে উঠছে।
বাংলার খবর ডেস্ক : 


























