
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি হবিগঞ্জের মাধবপুর উপজেলায় সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে কোনো প্রকার বাধা ছাড়াই ওরস মাহফিল সম্পন্ন করেছেন জনপ্রিয় ইসলামী বক্তা মুফতি গিয়াস উদ্দিন তাহেরী। সোমবার (২ মার্চ) উপজেলার মুরাদপুর এলাকায় উৎসবমুখর পরিবেশে এই মাহফিল অনুষ্ঠিত হয়।
এর আগে আইনশৃঙ্খলার কারণ দেখিয়ে মাহফিল বন্ধ রাখার জন্য এক বিএনপি নেতা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন করেছিলেন, যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। তবে মাহফিল আয়োজনের পক্ষে জোরালো অবস্থান নেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক এমপি প্রার্থী ও বিশিষ্ট সাংবাদিক অলিউল্লা নোমান। পাশাপাশি বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মহাসচিব অধ্যক্ষ আব্দুস সামাদ মাহফিল বন্ধের অপচেষ্টার তীব্র নিন্দা জানান।
মাহফিলে মুফতি গিয়াস উদ্দিন তাহেরী কোনো রাজনৈতিক বক্তব্য প্রদান করেননি। তবে তিনি ইঙ্গিতপূর্ণ কিছু কথা বলেন এবং সুন্নতের উদাহরণ টেনে প্রতিপক্ষের ষড়যন্ত্রের জবাবে সুন্দর আচরণ ও ধৈর্যের মাধ্যমে পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানান। মাহফিলকে কেন্দ্র করে স্থানীয় ধর্মপ্রাণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
প্রশাসনের কঠোর নজরদারি এবং স্থানীয় সচেতন মহলের সহযোগিতায় কোনো প্রকার বিশৃঙ্খলা ছাড়াই মাহফিলটি শেষ হওয়ায় আয়োজক কমিটি সন্তোষ প্রকাশ করেছে। তারা জানান, ধর্মীয় অনুষ্ঠানে বাধা দেওয়ার অপচেষ্টা সফল হয়নি, বরং মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই প্রমাণ করেছে তারা শান্তি ও সম্প্রীতি চায়।
বাংলার খবর ডেস্ক : 




















