
পারভেজ হাসান লাখাই প্রতিনিধিঃ
হবিগঞ্জের প্রাণ হিসেবে পরিচিত সুতাং নদীকে দখল ও দূষণমুক্ত করার দাবিতে একাট্টা হয়েছে লাখাই উপজেলার সর্বস্তরের মানুষ। নদী রক্ষায় জনমত গড়ে তুলতে উপজেলার বিভিন্ন এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে গণস্বাক্ষর কর্মসূচি শুরু হয়েছে, যা এখন একটি গণদাবিতে রূপ নিয়েছে।
স্থানীয় সচেতন নাগরিক ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে চলমান এই আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন স্থানীয় সাংবাদিক ও সামাজিক সংগঠক পারভেজ হাসান। তিনি উপজেলার গ্রাম, হাট-বাজার ও সাধারণ মানুষের দোরগোড়ায় গিয়ে নদী রক্ষার প্রয়োজনীয়তা তুলে ধরে গণস্বাক্ষর সংগ্রহ করছেন।
গণস্বাক্ষর কর্মসূচি চলাকালে পারভেজ হাসান বলেন, সুতাং নদী বাঁচলে বাঁচবে আমাদের প্রাণ। এটি শুধু একটি নদী নয়, এটি আমাদের মা। কোম্পানির বিষাক্ত বর্জ্য দিয়ে এই নদীকে আর বিষিয়ে দিতে দেওয়া হবে না। দখলদার ও দূষণকারীরা দেশ ও দশের শত্রু।
আন্দোলনের ভবিষ্যৎ কর্মসূচি সম্পর্কে তিনি জানান, প্রাথমিক পর্যায়ে সংগৃহীত গণস্বাক্ষরসহ হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করা হবে এবং জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হবে।
তিনি আরও বলেন, শিল্পকারখানার বিষাক্ত বর্জ্য ও নিষিদ্ধ পানি সরাসরি নদীতে ফেলা বন্ধ না হলে লাখাইবাসীকে সঙ্গে নিয়ে ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সামনে কঠোর কর্মসূচি পালন করা হবে। প্রয়োজনে নদী রক্ষায় আইনি লড়াই ও উচ্চ আদালতে রিট দায়ের করা হবে।
গণস্বাক্ষর চলাকালে আন্দোলনকারীদের মুখে নানা স্লোগান শোনা যায়। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল— বিষাক্ত বর্জ্য বন্ধ করো, সুতাং নদী রক্ষা করো, দখল-দূষণমুক্ত নদী চাই, বেঁচে থাকার অধিকার চাই এবং একটি স্বাক্ষর একটি দাবি, সুতাং নদী রক্ষার চাবিকাঠি।
এলাকাবাসীর অভিযোগ, শিল্পকারখানার বর্জ্যের কারণে এক সময়ের প্রমত্তা সুতাং নদী আজ মৃতপ্রায়। মাছের বংশবিস্তার বন্ধ হয়ে গেছে এবং নদীর পানি ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। গণস্বাক্ষর কর্মসূচির মাধ্যমে তারা প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ দাবি করছেন।
বাংলার খবর ডেস্ক : 






















