
পারভেজ হাসান, লাখাই প্রতিনিধি:
হবিগঞ্জের লাখাই বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১টি দোকান সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে। বাজারের ইতিহাসে এটিই সবচেয়ে বড় অগ্নিকাণ্ড। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এতে প্রায় কোটি টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আগুনে ভস্মীভূত হওয়া দোকানগুলোর মধ্যে রয়েছে— রাম জয়ের ফার্মেসী, সাংবাদিক আশীষ দাশগুপ্তের হোমিওপ্যাথিক ফার্মেসী, সামাদ্য পালের চায়ের দোকান, আব্দুল মালেক মিয়ার ফলের দোকান, সুসেন দেবনাথের স্বর্ণকারের দোকান, রঞ্জিত শীলের সেলুন ও সুতার দোকান, কর্ণ দেবনাথের পানের দোকান, উপা নন্দের ফার্মেসী ও সন্তোষ রায়ের একটি দোকান। এছাড়া, পল্লী বিদ্যুতের ১০টিরও বেশি মিটার পুড়ে গেছে।
বাজারের পাহারাদারদের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে প্রায় সাড়ে তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে সবকিছু ভস্মীভূত হয়ে যায়। খবর পেয়ে লাখাই ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আব্দুল হান্নান একদল কর্মী নিয়ে ঘটনাস্থলে ছুটে যান। তিনি জানান, বটতলায় রাস্তা ও পানির কারণে তাদের পৌঁছাতে প্রায় দেড় ঘণ্টা দেরি হয়। পরে নৌকা দিয়ে ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভানো সম্ভব হয়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও সাংবাদিক আশীষ দাশগুপ্ত বলেন, *“আমরা প্রতিদিনের মতো দোকান বন্ধ করে বাড়ি গিয়েছিলাম। হঠাৎ খবর পেয়ে এসে দেখি চোখের সামনে দোকান ভস্মীভূত হচ্ছে। এতে নগদ টাকা ও মালপত্রসহ কোটি টাকার ক্ষতি হয়েছে।”*
শুক্রবার সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, পুড়ে যাওয়া দোকানের ছাই ও কয়লার স্তূপে ভরা বাজার। ব্যবসায়ীদের আহাজারিতে এলাকা ভারি হয়ে উঠেছে।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বন্দে আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল এবং ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছে।
বাংলার খবর ডেস্ক : 
















