
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের গুমুটিয়া-শিবপুর এলাকার সার্বিক উন্নয়ন এবং মাদক, জুয়াসহ সামাজিক অনাচারমুক্ত আদর্শ এলাকা গড়ার অঙ্গীকার নিয়ে গঠিত গুমুটিয়া-শিবপুর উন্নয়ন পরিষদের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে গুমুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ গিয়াস উদ্দিন। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইমরুল হাসান জাহাঙ্গীর। বিশেষ অতিথি ছিলেন মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোহেল রানা।
সংগঠনের সাধারণ সম্পাদকে মোঃ শিব্বির আহম্মদের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সাবেক কাউন্সিলর মোবারক উল্লাহ লাল মিয়া, মাধবপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি রোকনউদ্দিন লস্কর, এনটিভির প্রতিনিধি জামাল মো. আবু নাছের, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাব্বির হাসান, চন্দন রায় প্রমুখ।
অনুষ্ঠানে গ্রামের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও যুবসমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, গুমুটিয়া ও শিবপুর এলাকাকে মাদকমুক্ত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে। মাদক ও জুয়াসহ সব ধরনের সামাজিক অনাচার প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা। ন্যায়পরায়ণতা ও সামাজিক মূল্যবোধের ভিত্তিতে একটি আদর্শ এলাকা গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করেন বক্তারা।
অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে গুমুটিয়া ও শিবপুর গ্রামের সার্বিক উন্নয়নে ২১ দফা প্রস্তাবনা উপস্থাপন করা হয়। এসব প্রস্তাব বাস্তবায়নের মাধ্যমে এলাকার সামাজিক, মানবিক ও অবকাঠামোগত উন্নয়নে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনের নেতৃবৃন্দ।
বাংলার খবর ডেস্ক : 



















