
বাংলার খবর ডেস্ক:
খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে ঢাকা থেকে হেলিকপ্টারে প্রথমে বাগেরহাটের মোংলায় যাবেন তিনি। সেখানে মোংলা বন্দরের উন্নয়ন কার্যক্রমের ভিত্তিপ্রস্তর স্থাপনসহ একাধিক কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।
সফরের শুরুতে মোংলা বন্দরে ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ এবং চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের (সিআরসিসি) মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। এ সময় উপস্থিত অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন তিনি।
পরে মোংলা বন্দরের সুবিধাদি সম্প্রসারণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় দুটি কনটেইনার জেটি নির্মাণ এবং আনুষঙ্গিক সুবিধাদি উন্নয়ন কার্যক্রমের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তারেক রহমান।
দুপুরে হযরত খান জাহান আলীর মাজার জিয়ারত করবেন প্রধানমন্ত্রী। এরপর সড়কপথে খুলনা জেলার উদ্দেশে যাত্রা করবেন তিনি। সেখানে খুলনা সার্কিট হাউজে যাওয়ার কথা রয়েছে তাঁর।
প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে খুলনা নগরীতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। তাঁকে স্বাগত জানাতে নগরীর বিভিন্ন দেয়ালে দক্ষিণাঞ্চলের ইতিহাস, ঐতিহ্য ও সম্ভাবনার চিত্র তুলে ধরা হয়েছে। সফর ঘিরে নেতাকর্মী ও সমর্থকদের মধ্যেও উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
সফরের কর্মসূচি শেষে আজই ঢাকায় ফেরার কথা রয়েছে সরকারপ্রধানের।
বাংলার খবর ডেস্ক : 



















