
পারভেজ হাসান, লাখাই প্রতিনিধি: হবিগঞ্জের লাখাই উপজেলার মোড়াকরি বাজারে সার বিক্রিতে অনিয়মের অভিযোগে মেসার্স স্বপন কুমার দেব নামে এক বিএডিসি (বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন) সার ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদারকি দল অভিযান চালিয়ে এ জরিমানা করে।
জানা যায়, মোড়াকরি বাজারে সার বিক্রির ক্ষেত্রে দীর্ঘদিন ধরে নির্ধারিত নিয়ম ও মূল্য অনুসরণ না করার অভিযোগ উঠছিল। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে এলে ডিলার প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। অভিযানের অংশ হিসেবে মেসার্স স্বপন কুমার দেবের বিএডিসি ডিলার প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
এদিকে, স্থানীয় কৃষকদের অভিযোগ, মাঠপর্যায়ে সার সরবরাহের সময় কিছু অসাধু ডিলার কৃত্রিম সংকট তৈরি কিংবা অতিরিক্ত দাম আদায়ের চেষ্টা করেন। এতে কৃষকদের ভোগান্তিতে পড়তে হয়।
কৃষকদের স্বার্থ রক্ষা এবং সার বিতরণ ও বিক্রিতে স্বচ্ছতা নিশ্চিত করতে এ ধরনের তদারকি ও অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল ও কৃষকেরা।
বাংলার খবর ডেস্ক : 



















