
আফতাবুল ইসলাম মেহেরাব, হাইমচর প্রতিনিধি:
চাঁদপুরের হাইমচরে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ উপলক্ষে পৃথক দুটি অভিযানে নিষিদ্ধ সময়ে ইলিশ বিক্রি ও আহরণের অভিযোগে আটজনকে আটক করা হয়েছে। এ সময় ১৫৩ কেজি ৫০০ গ্রাম ইলিশ ও প্রায় এক লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে পাঁচজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি তিনজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত উপজেলার নীলকমল ইউনিয়নের ঈশানবালায় কাসেমুল উলুম মাদ্রাসাসংলগ্ন এলাকায় প্রথম অভিযান পরিচালনা করা হয়। উপজেলা প্রশাসন, হাইমচর থানা পুলিশ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় ও কোস্টগার্ডের সমন্বয়ে গঠিত উপজেলা টাস্কফোর্স কমিটি এ অভিযান পরিচালনা করে।
অভিযানে নিষিদ্ধ সময়ে ইলিশ বিক্রির অভিযোগে দুজনকে আটক করা হয়। এ সময় ১১৮ কেজি ৫০০ গ্রাম ইলিশ জব্দ করা হয়। পরে জব্দ করা মাছ ১২টি এতিমখানায় বিতরণ করা হয়। এ ঘটনায় নিয়মিত মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে।
একই দিন সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা ১৫ মিনিট পর্যন্ত দ্বিতীয় অভিযান পরিচালনা করা হয়। এ সময় মা ইলিশ আহরণে নিষেধাজ্ঞা অমান্য করার অভিযোগে ছয়জনকে আটক করা হয়। তাঁদের কাছ থেকে প্রায় ৩৫ কেজি ইলিশ ও এক লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দ করা মাছ চারটি এতিমখানায় বিতরণ করা হয় এবং কারেন্ট জাল বিধি অনুযায়ী বিনষ্ট করা হয়।
দ্বিতীয় অভিযানে আটক ছয়জনের মধ্যে তিনজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে তাঁদের অভিভাবকদের জিম্মায় হস্তান্তর করা হয়। বাকি তিনজনকে প্রত্যেককে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
মা ইলিশের প্রজনন সুরক্ষা ও মৎস্যসম্পদ সংরক্ষণে উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ, পুলিশ ও কোস্টগার্ডের সমন্বয়ে এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে।
বাংলার খবর ডেস্ক : 



















