
শেখ ইমন আহমেদ, স্টাফ রিপোর্টার:
মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে হবিগঞ্জের মাধবপুর উপজেলার হালুয়াপাড়া গ্রামে মরহুম অলি মিয়ার অসহায় এতিম পরিবারের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন স্বচ্ছতা গ্রুপ। সংগঠনটির ধারাবাহিক মানবিক কার্যক্রমের ১০৯তম উদ্যোগ হিসেবে পরিবারটিকে নগদ ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল ৫টায় উপজেলার হালুয়াপাড়া বাজারে পরিবারের সদস্যদের হাতে এ সহায়তা তুলে দেন সংগঠনের সদস্যরা।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন অসুস্থ থাকার পর অলি মিয়া মারা যান। তাঁর মৃত্যুর পর দুই ছেলেকে রেখে তাদের মা জুলেখা অন্যত্র চলে যান। বর্তমানে শিশু দুটি তাদের বৃদ্ধ দাদির তত্ত্বাবধানে রয়েছে। বয়সের ভারে ন্যুব্জ ও আর্থিকভাবে অসচ্ছল দাদির পক্ষে নাতিদের লালন-পালন, পড়াশোনা ও ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা বাড়ছে।
পরিবারটির অসহায়ত্বের বিষয়টি স্বচ্ছতা গ্রুপের সদস্য লোকমান মিয়ার নজরে এলে তিনি সংগঠনের অন্য সদস্যদের বিষয়টি জানান এবং সহযোগিতার আহ্বান জানান। পরে সংগঠনের সদস্যরা পরিবারটির খোঁজখবর নিয়ে তাদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। এরই ধারাবাহিকতায় নগদ ২৫ হাজার টাকা সহায়তা প্রদান করা হয়।
সহায়তা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বচ্ছতা গ্রুপের সদস্য মো. লোকমান মিয়া। সঞ্চালনা করেন আল আমিন ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মো. মোজাম্মেল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. মাসুম বিল্লাহ সানি, বর্তমান ইউপি সদস্য আ. আহাদ সুনর এবং হাফেজ মহিন উদ্দিন খান শাহীন।
এ সময় আরও উপস্থিত ছিলেন শফিকুল ইসলাম ডালিম, হাজী রাসেল আহমেদ, সাংবাদিক শেখ ইমন আহমেদ, সাব্বির হাসান ও সিদ্দিক মিয়াসহ স্বচ্ছতা গ্রুপের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
স্বচ্ছতা গ্রুপের সদস্যরা বলেন, সমাজের অসহায়, এতিম ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো তাঁদের নৈতিক দায়িত্ব। মানুষের মুখে হাসি ফোটানো এবং বিপদগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই সংগঠনটি কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
স্থানীয়রা সংগঠনটির এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাঁদের মতে, সমাজের বিত্তবান ব্যক্তি ও বিভিন্ন সামাজিক সংগঠন অসহায় মানুষের পাশে এগিয়ে এলে সুবিধাবঞ্চিত পরিবারগুলো নতুন করে বেঁচে থাকার সাহস পাবে।
বাংলার খবর ডেস্ক : 



















