
বাংলার খবর ডেস্ক:
বিএনপি সরকারের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ তুলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর পদত্যাগসহ তিন দফা দাবিতে আগামী ৩০ অক্টোবর রাজধানীর শাহবাগে গণবিক্ষোভের ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে দলের সপ্তাহব্যাপী লিফলেট বিতরণ কর্মসূচিতে এ ঘোষণা দেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
এনসিপির ঘোষিত তিন দফা দাবির মধ্যে রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগ, সংবিধান সংস্কার পরিষদ গঠন এবং সাইবার আইনসহ কর্তৃত্ববাদী আইন বাতিল।
এ সময় নাহিদ ইসলাম অভিযোগ করেন, বর্তমান সরকার আওয়ামী লীগ ও ভারতের সঙ্গে সমঝোতার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করছে।
কর্মসূচিতে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, নির্বাচনের পর মানুষের সমস্যা বেড়েছে। অথচ এসব সমস্যা সমাধানে সরকারের কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না বলে অভিযোগ করেন তিনি।
অন্যদিকে, এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বিএনপি সরকারকে জবাবদিহিতার আওতায় আনার আহ্বান জানান।
দলটির নেতারা তাঁদের দাবির পক্ষে জনমত গড়ে তুলতে লিফলেট বিতরণ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ৩০ অক্টোবর শাহবাগে গণবিক্ষোভ করবে এনসিপি।
বাংলার খবর ডেস্ক : 



















