
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
কাস্টমসের নথিপত্র কালার স্ক্যান করে জাল Bill of Entry ও চালানপত্র তৈরি করে ভারতীয় জিরা পরিবহনের সময় ৯ হাজার কেজি জিরাসহ একটি ট্রাক জব্দ করেছে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)। জব্দ করা জিরা ও ট্রাকের আনুমানিক মূল্য ১ কোটি ১৩ লাখ টাকা। এ সময় ট্রাকের চালক পালিয়ে যায়।
বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকা দিয়ে বিপুল পরিমাণ ভারতীয় জিরা ট্রাকযোগে ঢাকার দিকে পাচার করা হচ্ছে—এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালায় ৫৫ বিজিবি। গত ৪ অক্টোবর ২০২৬ বেলা আনুমানিক ১১টার দিকে সীমান্ত থেকে প্রায় ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের মুক্তিযুদ্ধ চত্বর এলাকায় বিশেষ তল্লাশি চেকপোস্ট স্থাপন করা হয়।
এ সময় বিজিবির চেকপোস্ট থেকে প্রায় ৫০০ গজ দূরে একটি ট্রাক থামিয়ে চালক পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে ট্রাকটিতে তল্লাশি চালিয়ে ৩০০ বস্তায় থাকা ৯ হাজার কেজি ভারতীয় জিরা উদ্ধার করা হয়।
তল্লাশির সময় ট্রাকের ড্যাশবোর্ড থেকে কাস্টমসের নথিপত্র কালার স্ক্যান করে জালিয়াতির মাধ্যমে তৈরি করা Bill of Entry ও চালানপত্রের কপি পাওয়া যায়। পরে সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষের মাধ্যমে এসব কাগজপত্র যাচাই করা হলে সেগুলো জালিয়াতির মাধ্যমে তৈরি করা হয়েছে বলে নিশ্চিত হওয়া যায়।
বিজিবি জানায়, জব্দ করা ভারতীয় জিরার আনুমানিক মূল্য ৬৩ লাখ টাকা এবং পণ্য পরিবহনে ব্যবহৃত ট্রাকটির মূল্য প্রায় ৫০ লাখ টাকা। সব মিলিয়ে জব্দ করা জিরা ও ট্রাকের আনুমানিক সিজার মূল্য ১ কোটি ১৩ লাখ টাকা।
জাল ও ভুয়া কাগজপত্র ব্যবহার করে অবৈধভাবে পণ্য পরিবহনের বিষয়টি নিশ্চিত হওয়ার পর জিরার পুরো চালান ও ট্রাকটি জব্দ করা হয়। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
জব্দ করা জিরা ও ট্রাক যথাযথ আইনগত প্রক্রিয়া অনুসরণ করে হবিগঞ্জ কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে।
হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) জানিয়েছে, দেশের অর্থনৈতিক স্বার্থ সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হবে। চোরাচালান প্রতিরোধে সীমান্তবর্তী জনগণকে বিজিবির সঙ্গে সক্রিয়ভাবে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে বিজিবি।
বাংলার খবর ডেস্ক : 



















