
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের সংসদ সদস্য এস. এম. ফয়সল বলেছেন, বিএনপি সরকার আইনের শাসনে বিশ্বাসী। জনগণের ভোটে নির্বাচিত সরকার জনগণের কাছে দায়বদ্ধ। বিএনপির নাম ব্যবহার করে কেউ জুলুম, নির্যাতন, চাঁদাবাজি বা দখলবাজির মতো কর্মকাণ্ডে জড়িত হলে তার দায় দল নেবে না।
রোববার (৪ অক্টোবর) বিকেলে মাধবপুর উপজেলার ৪ নম্বর আদাঐর ইউনিয়নের মৌজপুর সাহেব বাড়ি মাদরাসা মাঠে বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এস. এম. ফয়সল বলেন, সরকার কঠোর অবস্থানে রয়েছে। জনগণের সেবক হিসেবে সরকার জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ। জনগণের সম্পদ জনগণের হাতে পৌঁছে দেওয়া হচ্ছে এবং সরকারি কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হচ্ছে।
তিনি আরও বলেন, বিশ্বজুড়ে যুদ্ধ ও সংঘাতের প্রভাবে বাংলাদেশে তেল, গ্যাসসহ বিভিন্ন পণ্যের দাম বেড়েছে। এসব সংকট মোকাবিলা এবং সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।
বিএনপির নাম ব্যবহার করে কেউ অপরাধমূলক কর্মকাণ্ডে জড়ালে তার বিরুদ্ধে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন সংসদ সদস্য। দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে সম্প্রতি একজন নারী নেত্রীকে সংসদ সদস্য পদ হারাতে হয়েছে বলেও তিনি বক্তব্যে উল্লেখ করেন।
জনসভায় সভাপতিত্ব করেন ৪ নম্বর আদাঐর ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি চেয়ারম্যান মীর খুরশেদ আলম। সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সার্জেন্ট মো. আনোয়ার হোসেন।
সভায় বক্তব্য দেন মাধবপুর উপজেলা বিএনপির সভাপতি সামছুল ইসলাম কামাল, মাধবপুর পৌর বিএনপির সভাপতি হাজী গোলাপ খান, সাধারণ সম্পাদক আলাউদ্দিন আলরনি, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান সোহাগ এবং প্রচার সম্পাদক ফজলুল রহমান (বুলেট)।
এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বাংলার খবর ডেস্ক : 


















