
মোঃ আব্দুল হান্নান, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হাত-পা বাঁধা ও মুখে সেলোটেপ মোড়ানো অবস্থায় আব্দুল্লাহ ওরফে আরজান (২২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার সরকারি ডিগ্রি কলেজ মোড়সংলগ্ন এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত আব্দুল্লাহ হবিগঞ্জের লাখাই উপজেলার চিকনপুর এলাকার আউয়াল মিয়ার ছেলে। তিনি পেশায় অটোরিকশাচালক ছিলেন।
স্থানীয়রা জানান, দুপুরের দিকে কলেজ মোড়সংলগ্ন রাস্তার পাশে এক যুবককে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন এক ব্যবসায়ী। কাছে গিয়ে তার দুই হাত ও দুই পা বাঁধা এবং মুখ সেলোটেপ দিয়ে মোড়ানো দেখতে পান। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে নাসিরনগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে এলাকা ঘিরে ফেলে। পরে ব্রাহ্মণবাড়িয়া থেকে পিবিআই ও ডিবির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। সুরতহাল প্রতিবেদন তৈরির পর লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়।
নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিনুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে লাশটি ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় নিহতের স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তারা কান্নায় ভেঙে পড়েছেন। মৃত্যুর রহস্য উদ্ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।
বাংলার খবর ডেস্ক : 



















