
দেশের উপজেলা পর্যায়ে ছড়িয়ে থাকা সম্ভাবনাময় তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে নতুন কর্মসূচি চালু করেছে বাংলাদেশ ব্যাংক। ‘উদ্যোগ (UDYOG): উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি’ নামে এ উদ্যোগের মাধ্যমে সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তাদের খুঁজে বের করে প্রয়োজনীয় অর্থায়ন, পরামর্শ ও বাজারসংযোগের সুযোগ দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের ১৩ সেপ্টেম্বরের নীতিমালা অনুযায়ী, উপজেলা পর্যায়ে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, প্রকৃত উদ্যোক্তা নির্বাচন এবং তাঁদের ব্যবসায়িক উদ্যোগ বাস্তবায়নে প্রয়োজনীয় সহায়তা দেওয়াই এ কর্মসূচির মূল উদ্দেশ্য। নির্বাচিত উদ্যোক্তাদের ব্যবসায়িক মূলধনের প্রয়োজনের ভিত্তিতে ঋণ ও সমপরিমাণ অনুদানের মাধ্যমে অর্থায়নের ব্যবস্থা রাখা হয়েছে।
কর্মসূচির আওতায় বৈধ বিভিন্ন ধরনের ব্যবসা ও উদ্যোগ বিবেচনা করা হবে। কৃষি, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, হস্তশিল্প, মৎস্য, পশুপালন, পর্যটন, সেবা, সৌরবিদ্যুৎসহ নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল এবং প্রযুক্তিনির্ভর স্টার্টআপসহ বিভিন্ন খাত এতে অন্তর্ভুক্ত থাকবে।
নীতিমালা অনুযায়ী, আবেদনকারীর বয়স আবেদনের শেষ তারিখে সর্বোচ্চ ২৮ বছর হতে হবে এবং সংশ্লিষ্ট উপজেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। আবেদনকারীর নিজস্ব ব্যবসায়িক উদ্যোগ, ব্যবসায়িক ধারণা অথবা নতুন ব্যবসা শুরুর বাস্তবসম্মত পরিকল্পনা থাকতে হবে।
প্রতিটি নির্বাচিত উদ্যোক্তার প্রকৃত ব্যবসায়িক চাহিদা ও ব্যয় পরিকল্পনার ভিত্তিতে অর্থায়নের পরিমাণ নির্ধারণ করা হবে। কর্মসূচিতে সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত সমন্বিত অর্থায়নের সুযোগ রাখা হয়েছে। এর মধ্যে ঋণ ও অনুদানের অনুপাত হবে ৫০:৫০। অর্থাৎ সর্বোচ্চ ১০ লাখ টাকা ব্যাংক ঋণ এবং সমপরিমাণ অনুদান পাওয়ার সুযোগ থাকবে। তবে নির্ধারিত সর্বোচ্চ সীমার অর্থায়ন প্রত্যেক উদ্যোক্তার জন্য স্বয়ংক্রিয়ভাবে প্রযোজ্য হবে না; ব্যবসায়িক প্রয়োজন ও চূড়ান্ত মূল্যায়নের ভিত্তিতে অর্থের পরিমাণ নির্ধারিত হবে।
আবেদনকারীদের সংশ্লিষ্ট উপজেলার যেকোনো তফসিলি ব্যাংকের শাখায় নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট, এসএমই পোর্টাল ও তফসিলি ব্যাংকগুলোর ওয়েবসাইট থেকে আবেদন ফরম সংগ্রহ করা যাবে। ব্যাংক শাখা থেকেও ফরম নেওয়ার সুযোগ রয়েছে। আবেদনপত্রের সঙ্গে জাতীয় পরিচয়পত্র, সর্বশেষ শিক্ষাগত যোগ্যতার সনদ, প্রশিক্ষণের সনদ থাকলে তার কপি এবং স্থায়ী ঠিকানার প্রমাণপত্র জমা দিতে হবে।
বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত আবেদন ফরমে আবেদনের সর্বশেষ তারিখ ১৫ অক্টোবর ২০২৬ উল্লেখ করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, শুধু অর্থায়ন নয়, নির্বাচিত উদ্যোক্তাদের উন্নয়ন প্রশিক্ষণ, অভিজ্ঞ উদ্যোক্তাদের পরামর্শ, ব্যবসা নিবন্ধন ও ব্যবসায়িক পরিকল্পনা তৈরিতে সহায়তা এবং বাজারসংযোগের সুযোগও দেওয়া হবে। এর মাধ্যমে তরুণদের স্বাবলম্বী করার পাশাপাশি স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক কর্মকাণ্ডে তাঁদের অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্য রয়েছে।
আগ্রহী তরুণ উদ্যোক্তাদের নির্ধারিত শর্ত পূরণ করে সময়সীমার মধ্যে আবেদন করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বাংলার খবর ডেস্ক : 
























