
জালাল উদ্দিন লস্কর, স্টাফ রিপোর্টার:
হবিগঞ্জের মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের লেখাপড়ার মানোন্নয়ন, নিয়মিত উপস্থিতি, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধ বিকাশে অভিভাবকদের আরও সক্রিয় ভূমিকা নিশ্চিত করতে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন মাধবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ডা. মোহাম্মদ ইমরুল হাসান। বিশেষ অতিথি ছিলেন এডহক কমিটির অভিভাবক সদস্য মো. আবুল বাসার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.কে.এম. সাইফুল ইসলাম।
সমাবেশে বক্তব্য দেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জুনায়েদ আহমেদ লস্কর ও আব্দুল কুদ্দুস।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফল ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে বিদ্যালয়ের শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সন্তান নিয়মিত বিদ্যালয়ে যাচ্ছে কি না, পড়াশোনায় মনোযোগী হচ্ছে কি না এবং দৈনন্দিন কর্মকাণ্ড কেমন—এসব বিষয়ে অভিভাবকদের নিয়মিত খোঁজখবর রাখা প্রয়োজন।
তারা বলেন, বর্তমান সময়ে পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগমাধ্যমের অতিরিক্ত ব্যবহার, মাদকসহ বিভিন্ন নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে পরিবারকে আরও সচেতন হতে হবে। সন্তানদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলে তাদের সমস্যা ও মানসিক অবস্থার বিষয়ে জানার চেষ্টা করতে হবে। পাশাপাশি শিক্ষক ও অভিভাবকদের মধ্যে নিয়মিত যোগাযোগ থাকলে শিক্ষার্থীদের শিক্ষা ও আচরণগত উন্নয়ন আরও কার্যকরভাবে নিশ্চিত করা সম্ভব।
সমাবেশে শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করা, শ্রেণিকক্ষে মনোযোগী হওয়া, বাড়িতে পড়াশোনার উপযুক্ত পরিবেশ তৈরি, পরীক্ষার প্রস্তুতি, বিদ্যালয়ের নিয়ম-শৃঙ্খলা মেনে চলা এবং নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
বিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে শিক্ষক ও অভিভাবকদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করে। অভিভাবকরাও শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গঠনে বিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন।
বাংলার খবর ডেস্ক : 




















