
বাংলার খবর ডেস্ক
হবিগঞ্জের মাধবপুরে চোরাচালানবিরোধী পৃথক অভিযানে মাছের খাবারের বস্তার মোড়কে লুকিয়ে পরিবহনকালে বিপুল পরিমাণ ভারতীয় চা-পাতা, মেহেদী ও জিরাসহ একটি কাভার্ড ভ্যান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই দিনে পৃথক আরেক অভিযানে ভারতীয় এনিমেল মেডিসিন, পশুখাদ্য ও শ্যাম্পুসহ একটি পিকআপও জব্দ করা হয়েছে। দুটি অভিযানে জব্দকৃত মালামাল ও যানবাহনের মোট আনুমানিক সিজার মূল্য প্রায় ১ কোটি ২০ লাখ ৭০ হাজার টাকা।
বিজিবি সূত্রে জানা যায়, গত ২৬ আগস্ট ভোর আনুমানিক ৫টা ৪০ মিনিটে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর সিন্দুরখান বিওপির একটি টহল দল মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সীমান্তবর্তী গান্ধীছড়া চা-বাগান এলাকায় অভিযান পরিচালনা করে। সীমান্ত পিলার ১৯৪৬/এম থেকে প্রায় ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে পরিচালিত এ অভিযানে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় এনিমেল মেডিসিন, পশুখাদ্য ও শ্যাম্পুসহ একটি পিকআপ জব্দ করা হয়।
এ অভিযানে জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ২৯ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।
এদিকে, ভারতীয় অবৈধ পণ্য পরিবহনের গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর উপজেলার সুরমা ২০ নম্বর চা-বাগান এলাকায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে অবস্থান নেয় বিজিবির একটি আভিযানিক দল। গত ২৬ আগস্ট বিকেল আনুমানিক ৪টার দিকে চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে সড়কের পাশে একটি কাভার্ড ভ্যান ফেলে পালিয়ে যায়।
পরে বিজিবি সদস্যরা পরিত্যক্ত কাভার্ড ভ্যানটি তল্লাশি করে মাছের খাবারের বস্তার মোড়কের ভেতরে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ ভারতীয় চা-পাতা, কাবেরী মেহেদী ও জিরা উদ্ধার করেন। এ সময় অবৈধ পণ্য পরিবহনে ব্যবহৃত কাভার্ড ভ্যানটিও জব্দ করা হয়।
উদ্ধারকৃত পণ্য ও জব্দকৃত কাভার্ড ভ্যানসহ এ অভিযানে মালামালের আনুমানিক সিজার মূল্য ৯১ লাখ ৭০ হাজার টাকা। দুটি পৃথক অভিযানে জব্দকৃত মালামাল ও যানবাহনের মোট আনুমানিক সিজার মূল্য দাঁড়িয়েছে প্রায় ১ কোটি ২০ লাখ ৭০ হাজার টাকা।
বিজিবি জানিয়েছে, জব্দকৃত মালামাল কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ পণ্য প্রবেশ রোধে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।
একই সঙ্গে চোরাচালান প্রতিরোধে সীমান্তবর্তী এলাকার মানুষের সহযোগিতা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়েছে বিজিবি।
বাংলার খবর ডেস্ক : 























