
বাংলার খবর ডেস্ক
বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ১৪ জন কর্মকর্তাকে বদলি ও নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। জনস্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের নির্ধারিত কর্মস্থলে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।
পুলিশ হেডকোয়ার্টার্সের পার্সোনেল ম্যানেজমেন্ট-১ শাখা থেকে ২৫ আগস্ট পৃথক দুটি প্রজ্ঞাপনে এসব বদলি ও পদায়নের আদেশ জারি করা হয়। প্রজ্ঞাপনে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ মো. আলী হোসেন ফকির স্বাক্ষর করেন।
প্রথম প্রজ্ঞাপনে সাতজন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এর মধ্যে গাজীপুরে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার আশফাকুজ্জামানকে বরগুনায় বদলি করা হয়েছে। মাগুরার শাহ শিবলী সাদিককে গাজীপুরে এবং পুলিশ হেডকোয়ার্টার্সে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন সুমনকে অতিরিক্ত উপপুলিশ কমিশনার হিসেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) পদায়ন করা হয়েছে।
এ ছাড়া সিলেটে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার ডিএম হাসিবুল বেনজীরকে গাইবান্ধায় বদলি করা হয়েছে। দেওয়ানগঞ্জ সার্কেল, জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলামকে এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টার, খাগড়াছড়িতে বদলি করা হয়েছে। বান্দরবান সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মান্না দেকে এপিবিএনে এবং সিআইডিতে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমানকে মৌলভীবাজারের কুলাউড়া সার্কেলে বদলি করা হয়েছে।
দ্বিতীয় প্রজ্ঞাপনে আরও সাত কর্মকর্তার বদলি ও পদায়নের নির্দেশ দেওয়া হয়। পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রেজা সারোয়ারকে সাতক্ষীরায় এবং পুলিশ ট্রেনিং সেন্টার (পিটিসি), টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মাকসুদা লিমাকে পুলিশ স্টাফ কলেজ, ঢাকায় বদলি করা হয়েছে।
সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মো. আমিনুর রহমানকে খাগড়াছড়ি পার্বত্য জেলায়, রেলওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জোনাঈদ আফ্রিদকে দেওয়ানগঞ্জ সার্কেল, জামালপুরে এবং এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার ফাহমিদা সুলতানা নেলিকে পুলিশ হেডকোয়ার্টার্সে পদায়ন করা হয়েছে।
এ ছাড়া ডিএমপির সহকারী পুলিশ কমিশনার ইসফাকুল কবির সরকারকে সহকারী পুলিশ সুপার হিসেবে শৈলকুপা সার্কেল, ঝিনাইদহে পদায়ন করা হয়েছে। এপিবিএনের সহকারী পুলিশ সুপার জনি লাল দেবকে সহকারী পুলিশ কমিশনার হিসেবে সিলেট মেট্রোপলিটন পুলিশে (এসএমপি) পদায়ন করা হয়েছে।
অন্যদিকে, দ্বিতীয় প্রজ্ঞাপনে র্যাবের সহকারী পুলিশ সুপার এইচ এম গোলাম রব্বিকে শৈলকুপা সার্কেল, ঝিনাইদহে সহকারী পুলিশ সুপার হিসেবে বদলির জন্য গত ১৯ আগস্ট জারি করা আদেশ বাতিল করা হয়েছে।
বাংলার খবর ডেস্ক : 























