
জালাল উদ্দিন লস্কর, স্টাফ রিপোর্টার হবিগঞ্জের মাধবপুর উপজেলার কমলপুর এলাকায় স্থানীয় তরমুজ চাষি ও গরু খামারি আবুল কালামের প্রায় দুই কানি জমির তরমুজ খেত নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
পরিবারের সদস্যরা জানান, সম্প্রতি আবুল কালাম ও তাঁর পরিবারের সদস্যরা একটি হামলার ঘটনায় আহত হয়ে সিলেটে চিকিৎসাধীন রয়েছেন। এ সুযোগে গত ২৪ আগস্ট গভীর রাতে দুর্বৃত্তরা তাদের তরমুজ খেতে প্রবেশ করে। এ সময় খেতের অধিকাংশ গাছ উপড়ে ফেলার পাশাপাশি বেশ কিছু তরমুজ নষ্ট করে দেওয়া হয়।
ভুক্তভোগী পরিবারের দাবি, প্রায় দুই কানি জমিতে চাষ করা তরমুজের বড় একটি অংশ নষ্ট হয়ে যাওয়ায় তাদের লক্ষাধিক টাকার আর্থিক ক্ষতি হয়েছে। এতে পরিবারটি চরম উদ্বেগ ও হতাশার মধ্যে পড়েছে।
ঘটনার খবর পেয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ ক্ষতিগ্রস্ত তরমুজের খেত পরিদর্শন করেন। তিনি ক্ষয়ক্ষতির বিষয়ে খোঁজখবর নেন এবং বিষয়টি গুরুত্বসহকারে দেখার আশ্বাস দেন।
ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়াতে সরকারি কৃষি প্রণোদনা ও প্রয়োজনীয় আর্থিক সহায়তার আহ্বান জানিয়েছেন তারা।
স্থানীয়রা বলেন, একজন কৃষকের ফসল নষ্ট করার ঘটনায় শুধু ওই কৃষকই ক্ষতিগ্রস্ত হন না, এর প্রভাব কৃষি উৎপাদন ও গ্রামীণ অর্থনীতিতেও পড়ে। তাই ঘটনাটি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
বাংলার খবর ডেস্ক : 




















