
মন্ত্রিসভায় নতুন করে চারজন মন্ত্রী ও দুজন প্রতিমন্ত্রী যুক্ত হয়েছেন। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনে আয়োজিত অনুষ্ঠানে তাঁদের শপথ পড়ানো হয়। একই অনুষ্ঠানে একজনকে মন্ত্রীর মর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
নতুন মন্ত্রী হিসেবে শপথ নেওয়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতকে পূর্ণমন্ত্রী হিসেবে একই মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থকে তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। বান্দরবান থেকে নির্বাচিত সংসদ সদস্য সাচিং প্রু জেরী পেয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব।
অন্যদিকে নতুন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়া হুমায়ুন কবিরকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে।
এ ছাড়া জহির উদ্দিন স্বপনকে মন্ত্রীর মর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা করা হয়েছে।
শুক্রবারের শপথ অনুষ্ঠানে রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরও শপথ নেন। ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল তাঁকে শপথ বাক্য পাঠ করান। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য, বেসামরিক ও সামরিক কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। এর আগে ২৪ জুলাই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পু স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন। সংবিধানের বিধান অনুযায়ী একই দিন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছিলেন।
নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে মন্ত্রিসভায় পরিবর্তন ও সম্প্রসারণ ঘটল। সংশ্লিষ্টদের প্রত্যাশা, নতুন দায়িত্বপ্রাপ্তরা নিজ নিজ মন্ত্রণালয়ে কার্যকর ভূমিকা রাখবেন এবং সরকারের বিভিন্ন কার্যক্রমকে আরও গতিশীল করবেন।
বাংলার খবর ডেস্ক : 

























