
আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার জন্য তাহাজ্জুদের নামাজ আদায় করেই ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
হবিগঞ্জে আয়োজিত নির্বাচনি জনসভায় মঞ্চে মাগরিবের নামাজ আদায় শেষে দেওয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান। তারেক রহমান হবিগঞ্জের চারটি আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে বলেন, জনগণ যেন তাদের ভোট দিয়ে জয়যুক্ত করেন। তিনি বলেন, বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে এই চারজনের মাধ্যমে হবিগঞ্জের সার্বিক উন্নয়ন নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, একটি দল একসময় স্বাধীনতাযুদ্ধের বিরোধিতা করে অসংখ্য মানুষ হত্যা করেছে। সেই একই দল এখন নির্বাচনের আগে সাধারণ মানুষের ধর্মীয় অনুভূতিকে পুঁজি করে তথাকথিত ‘বেহেশতের টিকিট’ বিক্রি করছে এবং বাড়ি বাড়ি গিয়ে মানুষের বিকাশ নম্বর সংগ্রহ করছে। তিনি এসব কর্মকাণ্ড বর্জনের জন্য জনগণের প্রতি আহ্বান জানান।
সাবেক এমপি শাম্মী আক্তারের সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য দেন হবিগঞ্জ-৩ আসনের এমপি প্রার্থী জি কে গউছ, হবিগঞ্জ-৪ আসনের এমপি প্রার্থী সৈয়দ মো. ফয়সল, হবিগঞ্জ-১ আসনের এমপি প্রার্থী রেজা কিবরিয়া, হবিগঞ্জ-২ আসনের এমপি প্রার্থী ডা. জীবন, কেন্দ্রীয় বিএনপি নেতা আহমেদ আলী মুকিব, যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির আব্দুর রব ইউসুফীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বাংলার খবর ডেস্ক : 

























