
বাংলার খবর ২৪ ডেস্ক নিউজ:
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকিরের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদলের প্রধান ও রাষ্ট্রদূত মাইকেল মিলার। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) পুলিশ সদর দপ্তরে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে বাংলাদেশ পুলিশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এর মধ্যে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, আধুনিক ও প্রযুক্তিনির্ভর পুলিশিং, তদন্ত ও ফরেনসিক সক্ষমতা উন্নয়ন, সাইবার অপরাধ মোকাবিলা, তথ্য বিনিময় এবং আইনগত সহযোগিতা বিশেষ গুরুত্ব পায়।
এ ছাড়া সন্ত্রাসবাদ ও মানবপাচার প্রতিরোধ, ভিকটিম সুরক্ষা এবং জেন্ডার সংবেদনশীল পুলিশিং নিশ্চিত করার বিষয়েও আলোচনা হয়।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাতে ইইউ প্রতিনিধিদলের প্রধান ৫ আগস্টের পর বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ পুলিশের পেশাদারিত্ব ও নিষ্ঠার প্রশংসা করেন।
বাংলাদেশ পুলিশকে আধুনিক, পেশাদার, প্রযুক্তিনির্ভর ও জনবান্ধব বাহিনী হিসেবে আরও সক্ষম করে তুলতে ইইউর কারিগরি সহায়তা ও দক্ষতা বিনিময়ের ওপর গুরুত্বারোপ করা হয়। বিশেষজ্ঞ বিনিময়, প্রশিক্ষণ, প্রযুক্তি হস্তান্তর এবং প্রাতিষ্ঠানিক পরামর্শের মাধ্যমে পুলিশের টেকসই সক্ষমতা বৃদ্ধির বিষয়েও আলোচনা হয়।
ভবিষ্যতে বাংলাদেশ পুলিশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও সম্প্রসারণের বিষয়ে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করে। এ সময় পুলিশ সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলার খবর ডেস্ক : 










