
সোহাগ মিয়া, মাধবপুর প্রতিনিধিঃ
হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত মানিকপুর গ্যাসফিল্ড বাজার এলাকায় বাসা-বাড়িতে চেতনানাশক স্প্রে ব্যবহার করে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।
ওই এলাকার ভাড়াটিয়া বাচ্চু মিয়ার বাসায় অজ্ঞাত পরিচয়ের চোরচক্র প্রবেশ করে তার স্ত্রীকে অচেতন করে স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও অন্যান্য মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে যায়।
ভুক্তভোগী বাচ্চু মিয়ার স্ত্রী জানান, সন্ধ্যার দিকে দু’জন বোরকা পরিহিত নারী বাসার দরজায় এসে কলিং বেল চাপ দেয়। তিনি দরজা খুলতেই তারা চেতনানাশক স্প্রে ব্যবহার করে তাকে অজ্ঞান করে ফেলে। এরপর নাক, কান, গলা ও হাতে থাকা স্বর্ণালঙ্কারসহ ঘরে থাকা মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। ঘটনার পর থেকে তিনি শারীরিকভাবে অসুস্থ বোধ করছেন বলেও জানান।
এদিকে স্থানীয়দের অভিযোগ, সম্প্রতি এলাকায় বাড়ি, দোকান, বিদ্যালয় ও মসজিদসহ বিভিন্ন স্থানে চুরি, চুরির চেষ্টা এবং সন্দেহজনক ব্যক্তিদের চলাচল বেড়েছে। অপরাধীরা ধরা না পড়ায় সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।
এলাকাবাসী দ্রুত পুলিশি টহল জোরদার এবং চোরচক্র শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন।
বাংলার খবর ডেস্ক : 




















