
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ঢাকা–সিলেট মহাসড়কে অজ্ঞাতনামা একটি যানবাহনের ধাক্কায় এক পথচারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার ভোররাতে মাধবপুর উপজেলার ব্যাঙ্গাডুবা গেট এলাকায় ঢাকা–সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। অজ্ঞাতনামা যানবাহনের ধাক্কায় ঘটনাস্থলেই এক পুরুষ পথচারীর মৃত্যু হয়। নিহতের বয়স আনুমানিক ৪০ বছর বলে ধারণা করা হচ্ছে।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ মাহবুব মোর্শেদ খান জানান, নিহত ব্যক্তির নাম-পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় নিশ্চিত করতে পিবিআইয়ের সহায়তায় জাতীয় পরিচয়পত্র (এনআইডি) যাচাইয়ের চেষ্টা করা হলেও কোনো তথ্য পাওয়া যায়নি।
এ অবস্থায় নিহত ব্যক্তির পরিচয় শনাক্তে সর্বসাধারণের সহযোগিতা কামনা করেছে পুলিশ। কারও কাছে এ বিষয়ে কোনো তথ্য থাকলে নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
বাংলার খবর ডেস্ক : 




















