
আলী হোসেন, কোম্পানীগঞ্জ প্রতিনিধি:
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, পুশইন ও চোরাচালান ঠেকাতে নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ টহল জোরদার করা হয়েছে। এ ছাড়া সীমান্ত এলাকা থেকে অস্ত্র ও গোলাবারুদসহ দুই ভারতীয় খাসিয়া নাগরিককে আটক করেছে বিজিবি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সীমান্তে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুর উদ্দিন আহমেদ।
সীমান্তে জনবল ও নজরদারি বৃদ্ধির বিষয়ে বিজিবির অধিনায়ক জানান, দায়িত্বপূর্ণ এলাকায় অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে। সীমান্তে নজরদারি বাড়াতে আধুনিক প্রযুক্তির ড্রোন ব্যবহার করা হচ্ছে। নিয়মিত টহলের পাশাপাশি অতিরিক্ত বিশেষ টহলও পরিচালনা করা হচ্ছে।
তিনি জানান, ১১ নভেম্বর বেলা দেড়টার দিকে মিনাটিলা বিওপির ১২৮২ নম্বর পিলারের ৯ ও ১০ নম্বর এস পিলারের মধ্যবর্তী সীমান্ত দিয়ে অস্ত্রসহ দুই ভারতীয় নাগরিক বাংলাদেশে প্রবেশ করেন। তাঁদের নাম বাতিম তুতা (২৮) ও টেম্পো (২০)। তাঁরা শূন্যরেখা অতিক্রম করে বাংলাদেশের প্রায় ১৫০ গজ ভেতরে আনারস বাগান এলাকায় প্রবেশ করলে টহলরত বিজিবি সদস্যরা তাঁদের আটক করেন।
এ সময় তাঁদের কাছ থেকে একটি এয়ারগান, ৩৫ রাউন্ড প্যালেট গুলি, দুটি দা ও দুটি ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়। পরে আটক দুজনকে জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
বিজিবির অধিনায়ক আরও জানান, জেলা প্রশাসন, পুলিশ ও গোয়েন্দা সংস্থার সমন্বিত প্রচেষ্টায় সীমান্ত সুরক্ষায় কাজ চলছে। চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ১০টি অস্ত্র উদ্ধার, ৫৭ জন অবৈধ অনুপ্রবেশকারীকে আটক এবং ১৭৩টি পুশইন প্রচেষ্টা প্রতিহত করা হয়েছে বলে জানান তিনি।
এ সময় স্থানীয় বাসিন্দাদের সচেতনতামূলক ব্রিফিং দেওয়া হয়। সীমান্তে অবৈধ কার্যক্রম বন্ধে স্থানীয়দের সহযোগিতাও কামনা করেন বিজিবির অধিনায়ক।
বাংলার খবর ডেস্ক : 



















