
পারভেজ হাসান, হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের বেগুনাই প্রাইমারি স্কুলে ফ্রেন্ডস সোসাইটির উদ্যোগে এবং হাজী হেলিম উদ্দিন ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে জাঁকজমকপূর্ণ পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মোস্তফা নাঈম আহমেদের সভাপতিত্বে এবং মো. জাকির খানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও হাজী হেলিম উদ্দিন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আবুল খায়ের অপু।
অনুষ্ঠানে বক্তারা কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনের সাফল্য কামনা করেন। তাঁরা শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার পাশাপাশি নিজেদের মেধা ও যোগ্যতা কাজে লাগিয়ে ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানান।
আয়োজক ফ্রেন্ডস সোসাইটি ও সহযোগী প্রতিষ্ঠান হাজী হেলিম উদ্দিন ফাউন্ডেশনের নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উৎসাহিত করেন।
অনুষ্ঠান শেষে স্থানীয় কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়। এ আয়োজন শিক্ষার্থীদের পড়াশোনায় আরও উৎসাহিত করবে বলে আশা প্রকাশ করেন আয়োজকেরা।
বাংলার খবর ডেস্ক : 



















