
নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: মো. আব্দুল হান্নান
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে তিন শতাধিক উপহারসামগ্রী বিতরণ করেছে উপজেলা প্রশাসন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় আয়োজিত এ কার্যক্রমের মাধ্যমে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে উৎসবের আনন্দ ভাগাভাগি ও ধর্মীয় সম্প্রীতি জোরদারের উদ্যোগ নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে নাসিরনগর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে উপহারসামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরফান উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জীবন ভট্টাচার্য।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য এম এ হান্নান।
প্রধান অতিথির বক্তব্যে এম এ হান্নান বলেন, সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে সবাই যেন আনন্দের সঙ্গে শারদীয় দুর্গাপূজা উদ্যাপন করতে পারেন, সে লক্ষ্যেই প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপহার বিতরণের এ উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আরিফুল ইসলাম, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ আবু সারোয়ার, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণফ্রন্ট ও পূজা উদ্যাপন ফ্রন্টের নাসিরনগর উপজেলা শাখার আহ্বায়ক বাদল চন্দ্র দেবসহ বিভিন্ন ইউনিয়নের সনাতন সম্প্রদায়ের নেতৃবৃন্দ।
এ ছাড়া বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।
বাংলার খবর ডেস্ক : 



















