
পারভেজ হাসান, লাখাই প্রতিনিধি
হবিগঞ্জের লাখাই উপজেলার মুড়াকরি গ্রামে টিকটকে পরিচয়ের সূত্র ধরে গড়ে ওঠা প্রেমের সম্পর্কের জেরে নিখোঁজ হওয়া এক তরুণীকে প্রায় দুই মাস পর উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অপহরণের অভিযোগে দায়ের করা মামলার তদন্ত কার্যক্রম চলছে। উদ্ধার অভিযানে অভিযুক্ত প্রেমিককেও পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে বলে জানা গেছে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, লাখাই থানার মুড়াকরি গ্রামের বাসিন্দা প্রিয়া (ছদ্মনাম)-এর সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে পরিচয় হয় একই এলাকার মুড়াকরি গুচ্ছগ্রামের বাসিন্দা মিজান মিয়ার ছেলে মনির মিয়া (১৯)-এর। পরিচয়ের পর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
একপর্যায়ে প্রিয়া বাড়ি থেকে নিখোঁজ হন। পরে তার পরিবারের পক্ষ থেকে লাখাই থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলায় অভিযোগ করা হয়, বিয়ের প্রলোভন দেখিয়ে ও ফুসলিয়ে ওই তরুণীকে অপহরণ করা হয়েছে।
ঘটনার পর মামলাটির তদন্ত শুরু করে পুলিশ। দীর্ঘ প্রায় দুই মাস ধরে বিভিন্ন তথ্য ও কৌশল ব্যবহার করে অভিযান চালানোর পর পুলিশ ভিকটিম তরুণীকে উদ্ধার করতে সক্ষম হয়।
পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া তরুণীকে প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। পাশাপাশি নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২২ ধারার বিধান অনুযায়ী জবানবন্দি গ্রহণের জন্য তাকে বিজ্ঞ আদালতে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
এ ঘটনায় দায়ের করা অপহরণ মামলার তদন্ত এখনো চলমান রয়েছে। তদন্ত শেষে প্রাপ্ত তথ্য ও আইনগত প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
বাংলার খবর ডেস্ক : 























