
পারভেজ হাসান, লাখাই প্রতিনিধি:
হবিগঞ্জের লাখাই উপজেলার পূর্ব সিংহ (কামড়াপুর) গ্রামে পুকুরের পানিতে ডুবে হাবিব মিয়া (২০) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২ আগস্ট) সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত হাবিব ওই গ্রামের আলাউদ্দিনের ছেলে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে হাবিব বাড়ির পাশের খেলার মাঠে তার মায়ের সঙ্গে চড়া (খড় ও গোবর দিয়ে তৈরি এক ধরনের জ্বালানি) বানানোর কাজে সহযোগিতা করছিল। কাজ শেষে মাঠের পাশে থাকা পুকুরে হাত-মুখ ধুতে যায় সে। স্বজনদের ধারণা, হাত-মুখ পরিষ্কার করার একপর্যায়ে হঠাৎ মৃগী রোগের খিঁচুনি উঠলে সে পুকুরের পানিতে পড়ে তলিয়ে যায়।
কিছু সময় পর স্থানীয় এক নারী পুকুরের কিনারে হাবিবের দেহ ভেসে থাকতে দেখে চিৎকার দেন। পরে আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে পুকুর থেকে তার নিথর দেহ উদ্ধার করে।
নিহতের স্বজনরা জানান, হাবিব দীর্ঘদিন ধরে মৃগী বা খিঁচুনি রোগে ভুগছিলেন। এর আগেও একাধিকবার তিনি বিভিন্ন স্থানে এ রোগে আক্রান্ত হয়ে হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেছিলেন।
এ মর্মান্তিক ঘটনায় নিহতের পরিবারসহ পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
বাংলার খবর ডেস্ক : 




















