
দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, উগ্র ডানপন্থী (ফার-রাইট) গোষ্ঠীর তৎপরতা এবং মব সহিংসতা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম।
সোমবার দেওয়া ‘খেলা শেষ, খোদা হাফেজ!’ শিরোনামের ওই পোস্টে তিনি রাজনৈতিক স্বার্থে চরমপন্থী গোষ্ঠীকে ব্যবহারের অভিযোগ তুলে বিভিন্ন মন্তব্য করেন।
মাহফুজ আলম দাবি করেন, একটি ডানপন্থী রাজনৈতিক বলয় নির্বাচনী স্বার্থে ফার-রাইট গোষ্ঠীগুলোকে ব্যবহার করেছে। তার ভাষ্য অনুযায়ী, মব সহিংসতা, মাজার, পত্রিকা অফিস ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলার মতো ঘটনাগুলোতে এসব গোষ্ঠীকে ‘মার্সেনারি’ বা ভাড়াটে শক্তি হিসেবে ব্যবহার করা হয়েছে। রাজনৈতিক উদ্দেশ্য পূরণ হওয়ার পর এখন তাদের থেকে দূরত্ব তৈরি করা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
পোস্টে তিনি আরও দাবি করেন, গত দুই বছরে কিছু ফার-রাইট গোষ্ঠীকে পরিকল্পিতভাবে শক্তিশালী করা হয়েছে। তাদের মাধ্যমে ‘জুলাই আন্দোলন’কে একটি সর্বজনীন গণ-আন্দোলনের পরিবর্তে ‘ইসলামি’, ‘ঐতিহ্যবাদী’ বা ‘পুনর্জাগরণবাদী’ বিপ্লব হিসেবে উপস্থাপনের চেষ্টা হয়েছে। এর ফলে ধর্মনিরপেক্ষ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী মধ্যবিত্তের একাংশের মধ্যে ওই আন্দোলন সম্পর্কে নেতিবাচক মনোভাব তৈরি হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।
মাহফুজ আলম আরও বলেন, তিনি গত বছরের শুরু থেকেই ফার-রাইট রাজনীতি ও ডিজিটাল মবের বিরুদ্ধে কথা বলে আসছেন। এ কারণে তাকে নানা ধরনের ষড়যন্ত্র, সমালোচনা ও হয়রানির মুখোমুখি হতে হয়েছে বলেও পোস্টে উল্লেখ করেন।
পোস্টের শেষাংশে তিনি লেখেন, সামনের দিনগুলো সবার জন্য হিসাব-নিকাশের সময়।
উল্লেখ্য, এসব মন্তব্য মাহফুজ আলমের ব্যক্তিগত ফেসবুক পোস্টে প্রকাশিত হয়েছে। এ বিষয়ে যাদের বিরুদ্ধে অভিযোগের ইঙ্গিত করা হয়েছে, তাদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
বাংলার খবর ডেস্ক : 

























