
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল জাতীয় সংসদের অধিবেশনে চুনারুঘাট উপজেলার একটি গুরুত্বপূর্ণ কিন্তু ঝুঁকিপূর্ণ বেইলি সেতুর বিষয়টি জোরালোভাবে তুলে ধরেছেন।
দীর্ঘদিন ধরে অবহেলিত এ সেতুটি নতুন করে নির্মাণের দাবি জানিয়ে তার বক্তব্য স্থানীয় জনগণের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে।
সংসদে বক্তব্য দিতে গিয়ে তিনি জানান, ১৯৮৭ সালে খরস্রোতা খোয়াই নদীর ওপর চুনারুঘাট পৌরসভার নিকটবর্তী স্থানে একটি বেইলি ব্রিজ নির্মাণ করা হয়। সে সময় এটি এলাকাবাসীর জন্য গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম হিসেবে ভূমিকা রাখলেও বর্তমানে সেতুটি মারাত্মকভাবে জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
তিনি বলেন, প্রতিদিন হাজার হাজার মানুষ জীবনের ঝুঁকি নিয়ে এ সেতু দিয়ে যাতায়াত করছে। নদীর পূর্বপাড়ের বিস্তীর্ণ এলাকার মানুষের জন্য এটি উপজেলা সদর ও জেলা শহরের সঙ্গে একমাত্র সরাসরি যোগাযোগের মাধ্যম। কিন্তু দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সেতুর বিভিন্ন অংশ দুর্বল হয়ে পড়েছে এবং যে কোনো সময় এটি ধসে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
এমপি ফয়সল আরও বলেন, সেতুটি ধসে পড়লে লাখো মানুষ চরম দুর্ভোগে পড়বে এবং পুরো এলাকার যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যাবে। তাই জরুরি ভিত্তিতে এখানে একটি টেকসই ও আধুনিক পাকা সেতু নির্মাণ অত্যন্ত প্রয়োজন।
তিনি এ বিষয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীর সুদৃষ্টি কামনা করে বলেন, “এটি শুধু একটি সেতু নয়, চুনারুঘাটবাসীর প্রাণের দাবি।” দ্রুত বাস্তবায়ন হলে এলাকার অর্থনীতি, শিক্ষা ও স্বাস্থ্যসেবায় ইতিবাচক পরিবর্তন আসবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এদিকে, চুনারুঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান বলেন, খোয়াই নদীর ওপর নির্মিত বেইলি ব্রিজটি বর্তমানে সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এর বিভিন্ন অংশ নড়বড়ে হয়ে গেছে এবং যে কোনো সময় এটি ধসে নদীগর্ভে বিলীন হতে পারে। ফলে প্রতিনিয়ত বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে।
স্থানীয় বাসিন্দারাও এমপি’র এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, দীর্ঘদিন ধরে সেতুটির কারণে তারা দুর্ভোগ পোহাচ্ছেন। নতুন সেতু নির্মিত হলে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটবে এবং এলাকার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে।
বাংলার খবর ডেস্ক : 
























