
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জ ও মৌলভীবাজারের সীমান্তবর্তী এলাকায় পৃথক তিনটি অভিযানে ২০ কেজি ভারতীয় গাঁজা, ২৬ বোতল ভারতীয় মদ, ৪ বোতল ভারতীয় বিয়ার ও ৬০০ প্যাকেট বাংলাদেশি মশার কয়েল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা এসব মাদক ও পণ্যের আনুমানিক মূল্য ১ লাখ ৫৮ হাজার টাকা।
মঙ্গলবার (২৭ অক্টোবর) হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধীন তেলিয়াপাড়া ও সিন্দুরখান বিওপির টহলদল পৃথক তিনটি অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে।
৫৫ বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ১০টার দিকে মাধবপুর উপজেলার ২০ নম্বর সুরমা চা-বাগান এলাকায় অভিযান চালায় তেলিয়াপাড়া বিওপির টহলদল। এ সময় চা-বাগানে পরিত্যক্ত অবস্থায় চোরাকারবারিদের লুকিয়ে রাখা একটি সন্দেহজনক বস্তা তল্লাশি করে ২০ কেজি ভারতীয় গাঁজা, ৪ বোতল ভারতীয় বিয়ার ও ২ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।
অন্যদিকে, একই দিন দুপুর ২টার দিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কুঞ্জবন এলাকায় অভিযান চালিয়ে ২৪ বোতল ভারতীয় মদ জব্দ করে সিন্দুরখান বিওপির টহলদল। পরে রাত ৮টার দিকে একই উপজেলার মাংরাবস্তি এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৬০০ প্যাকেট বাংলাদেশি মশার কয়েল জব্দ করা হয়।
বিজিবি জানায়, জব্দ করা মাদকদ্রব্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং মশার কয়েল কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
৫৫ বিজিবি কর্তৃপক্ষ জানায়, সীমান্ত সুরক্ষা, মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এ লক্ষ্যে সীমান্ত এলাকায় টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার রয়েছে। মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
বাংলার খবর ডেস্ক : 



















