
পারভেজ হাসান, লাখাই প্রতিনিধি:
হবিগঞ্জের লাখাই উপজেলায় আইফোন ১১ ছিনিয়ে নেওয়ার লোভে বন্ধুকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় নিখোঁজের ছয় দিন পর তারেক মিয়া (২২) নামের এক রাজমিস্ত্রির গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত আনুমানিক ৮টার দিকে লাখাই ও নবীগঞ্জ থানা-পুলিশের যৌথ অভিযানে উপজেলার ফুলবাড়িয়া গ্রামের শাহ আলমের বাড়ির সামনের রাস্তার উত্তর পাশের একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত তারেক মিয়া নবীগঞ্জ উপজেলার চৌশতপুর গ্রামের মারফত উল্লাহর ছেলে। এ ঘটনায় অভিযুক্ত সাহেল একই গ্রামের নুরুজ্জামান মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার (২১ অক্টোবর) রাজমিস্ত্রির কাজের উদ্দেশ্যে তারেক ও সাহেল লাখাই উপজেলার ফুলবাড়িয়া গ্রামে সুরের রহমানের বাড়িতে আসেন। সেখানে কাজ করার সময় তারেকের ব্যবহৃত আইফোন ১১-এর প্রতি সাহেলের লোভ জন্মায় বলে অভিযোগ রয়েছে। এর জেরে গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে তারেককে কৌশলে ডেকে নিয়ে গলা কেটে হত্যা করা হয় বলে অভিযোগ উঠেছে। পরে মরদেহটি গোপন করার উদ্দেশ্যে পাশের একটি ডোবায় ফেলে রাখা হয় বলে জানা গেছে।
এদিকে তারেক বাড়িতে ফিরে না আসায় এবং তাঁর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় পরিবারের পক্ষ থেকে নবীগঞ্জ থানায় একটি নিখোঁজ সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। ওই জিডির সূত্র ধরে প্রযুক্তি ও মোবাইল ফোনের তথ্য বিশ্লেষণ করে অভিযান চালিয়ে পুলিশ অভিযুক্ত সাহেলকে গ্রেপ্তার করে।
পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে সাহেল আইফোনের লোভে তারেককে হত্যার কথা স্বীকার করেছেন। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে লাখাই ও নবীগঞ্জ থানা-পুলিশ যৌথ অভিযান চালিয়ে ফুলবাড়িয়া গ্রামের ডোবা থেকে তারেকের গলিত মরদেহ উদ্ধার করে।
পুলিশ জানায়, আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় হত্যা মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।
বাংলার খবর ডেস্ক : 



















