
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুরে মা-বাবাকে মারধর ও ঘরের আসবাবপত্র ভাঙচুরের অভিযোগে মো. ইসমাইল মিয়া নামে এক ব্যক্তিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাঁকে ১০০ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত ইসমাইল মিয়া উপজেলার ছাতিয়াইন এলাকার মল্লাই মিয়ার ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, ইসমাইল মিয়া প্রায়ই মাদক সেবনের জন্য টাকা চেয়ে মা-বাবাকে মারধর করতেন। এ ছাড়া ঘরের আসবাবপত্র ভাঙচুরের অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। তাঁর এমন আচরণে অতিষ্ঠ হয়ে মা-বাবা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ করেন।
পরে অভিযোগের পরিপ্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ইসমাইল মিয়াকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় মাধবপুর থানাধীন ছাতিয়াইন পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর বিদ্যুৎ বড়ুয়ার নেতৃত্বে পুলিশের একটি দল সহযোগিতা করে।
বার্তা প্রেরক:
হামিদুর রহমান
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
বাংলার খবর ডেস্ক : 



















