
আব্দুল জাহির মিয়া, চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:
পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ ও বনায়ন কার্যক্রম জোরদার করার লক্ষ্যে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রেমা-কালেঙ্গা বন্যপ্রাণী অভয়ারণ্যে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বিএনপির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিব এ কর্মসূচিতে অংশ নিয়ে একটি ‘অর্তকি’ গাছের চারা রোপণ করেন। প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত আগামী পাঁচ বছরে দেশজুড়ে ২৫ কোটি গাছ লাগানোর কর্মসূচির অংশ হিসেবে গত ১৪ অক্টোবর দুপুরে কালেঙ্গা বন বিট এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বৃক্ষরোপণ শেষে আহমেদ আলী মুকিব বলেন, পরিবেশ সংরক্ষণ ও জীববৈচিত্র্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বনায়ন কার্যক্রম আরও জোরদার করা সময়ের দাবি। প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে সবাইকে বেশি করে গাছ লাগানোর পাশাপাশি সেগুলোর যথাযথ পরিচর্যা করতে হবে।
এ সময় কালেঙ্গা বিট কর্মকর্তা আব্দুল্লাহ আল আমিন, এফজি নূর মোহাম্মদসহ বন বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
কালেঙ্গা বিট কর্মকর্তা আব্দুল্লাহ আল আমিন জেলা পরিষদ প্রশাসকের এ উদ্যোগকে স্বাগত জানান। তিনি বনের জীববৈচিত্র্য সংরক্ষণে বন বিভাগের নিরবচ্ছিন্ন প্রচেষ্টার কথা তুলে ধরেন।
কর্মসূচিতে উপস্থিত স্থানীয় বন কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিরা পরিবেশ সংরক্ষণে প্রশাসনিক ও সামাজিক পর্যায়ে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।
বাংলার খবর ডেস্ক : 




















