
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), শ্রীমঙ্গল সেক্টর। সেক্টরের দায়িত্বপূর্ণ এলাকায় ২৩৭টি পূজামণ্ডপের নিরাপত্তায় ৩৪ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে অত্যাধুনিক ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে।
শনিবার (১৭ অক্টোবর) হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অবস্থিত ঘিলাতলী জগন্নাথ দেবের আখড়া পূজামণ্ডপ পরিদর্শন করেন শ্রীমঙ্গল সেক্টর কমান্ডার কর্নেল বিএম তৌহিদ হাসান, এএফডব্লিউসি, পিএসসি। এ সময় হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান, বিজিওএম উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে সেক্টর কমান্ডার পূজামণ্ডপের নিরাপত্তাব্যবস্থা ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপনের প্রস্তুতি দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন। এ সময় পূজামণ্ডপের সভাপতির হাতে বিজিবির পক্ষ থেকে শুভেচ্ছা উপহার তুলে দেন তিনি।
সেক্টর কমান্ডার জানান, শ্রীমঙ্গল (৪৬ বিজিবি), বিয়ানীবাজার (৫২ বিজিবি) ও হবিগঞ্জ (৫৫ বিজিবি) ব্যাটালিয়নের আওতাধীন সীমান্তের আট কিলোমিটারের মধ্যে ২০৬টি এবং ইউনিট সদর দপ্তরের তিন কিলোমিটারের মধ্যে ৩১টি পূজামণ্ডপ রয়েছে। গত ১৬ অক্টোবর থেকে আগামী ২২ অক্টোবর পর্যন্ত বিজিবি সদস্যরা সীমান্ত সুরক্ষার নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি পূজামণ্ডপগুলোর নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন।
তিনি আরও জানান, গুজব, অপতথ্য ও সাম্প্রদায়িক উসকানি প্রতিরোধে বিশেষ নজরদারি চালানো হচ্ছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় প্রশাসন, পুলিশ ও পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয় করে কাজ করছে বিজিবি।
মিডিয়া ব্রিফিংয়ে সেক্টর কমান্ডার বলেন, মাদক ও চোরাচালান প্রতিরোধেও বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৭ অক্টোবর পর্যন্ত শ্রীমঙ্গল সেক্টরের তিনটি ব্যাটালিয়নের অভিযানে ৮৭ কোটি ২৩ লাখ ৯৮ হাজার ১১৪ টাকা মূল্যের মাদকদ্রব্য ও অন্যান্য অবৈধ মালামাল জব্দ করা হয়েছে। এসব অভিযানে গ্রেপ্তার করা হয়েছে ৭৪ জনকে।
উল্লেখ্য, সারা দেশে ২ হাজার ৭২৭টি পূজামণ্ডপের নিরাপত্তায় বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন। দুর্গম এলাকাগুলোতে নিরাপত্তা কার্যক্রম জোরদার করতে স্থাপন করা হয়েছে ১৮টি বেইজ ক্যাম্প।
বাংলার খবর ডেস্ক : 



















