
মো. আব্দুল হান্নান, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাপরতলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি নিয়ে প্রচার-প্রচারণা ও গণসংযোগ শুরু করেছেন উপজেলা যুবদলের সভাপতি জামাল আহমদ। দলীয় মনোনয়ন পাওয়ার প্রত্যাশায় তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছেন।
নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থী হিসেবে জামাল আহমদ ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করছেন এবং সাধারণ মানুষের কাছে নিজের অবস্থান তুলে ধরছেন। দীর্ঘদিনের রাজনৈতিক সম্পৃক্ততাকে সঙ্গে নিয়ে এবার চেয়ারম্যান পদে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন তিনি।
জামাল আহমদ জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত। তাঁর দাবি, আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে তিনি একাধিক হামলা-মামলা ও নির্যাতনের শিকার হয়েছেন। বর্তমানে তিনি নাসিরনগর উপজেলা যুবদলের সভাপতির দায়িত্ব পালন করছেন।
চাপরতলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে জামাল আহমদ বলেন, “আমি দীর্ঘদিন যাবৎ জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে জড়িত। রাজনীতি করতে গিয়ে অনেক দিন জেলও খেটেছি। বর্তমানে নাসিরনগর উপজেলা যুবদলের সভাপতির দায়িত্ব পালন করছি। দল যদি আমাকে মনোনয়ন দেয়, তাহলে আমি চেয়ারম্যান পদে নির্বাচন করব। সেই আশা নিয়ে ইউনিয়নের সাধারণ জনগণের সঙ্গে গণসংযোগ ও যোগাযোগ রক্ষা করে যাচ্ছি।”
তিনি আশা প্রকাশ করেন, বিএনপি তাঁকে মনোনয়ন দিলে স্থানীয় মানুষের সমর্থন নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন। তবে তাঁর মনোনয়নের বিষয়ে বিএনপির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্তের কথা জানা যায়নি।
এদিকে চাপরতলা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা বাড়ছে। শেষ পর্যন্ত দলীয় মনোনয়ন কে পাচ্ছেন এবং নির্বাচনে কারা প্রতিদ্বন্দ্বিতা করছেন, তা নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।
বাংলার খবর ডেস্ক : 



















