
মাধবপুর প্রতিনিধি:
‘শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্ব জয়’—এই প্রতিপাদ্য সামনে রেখে হবিগঞ্জের মাধবপুরে জাতীয় কন্যা শিশু দিবস ২০২৬ পালিত হয়েছে। কন্যাশিশুর অধিকার, নিরাপত্তা, সুরক্ষা ও বিকাশ নিশ্চিত করার লক্ষ্যে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
দিবসটি উপলক্ষে সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এতে সরকারি কর্মকর্তা, শিক্ষক, এনজিও প্রতিনিধি ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রীরা অংশ নেয়। র্যালিতে বাল্যবিবাহবিরোধী স্লোগানসংবলিত ব্যানার ও ফেস্টুন বহন করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
র্যালি শেষে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পিয়ারা বেগম।
আলোচনা সভায় বক্তারা কন্যাশিশুর শিক্ষা, অধিকার, নিরাপত্তা ও ক্ষমতায়নের ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, কন্যাশিশুরা শুধু বর্তমান নয়, ভবিষ্যতের নেতৃত্বও। তাদের সুশিক্ষিত করার পাশাপাশি সামাজিক ও মানসিকভাবে শক্তিশালী হিসেবে গড়ে তোলা সবার জাতীয় দায়িত্ব। বাল্যবিবাহ প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠান সঞ্চালনায় সহযোগিতা করেন বিআরডিবি কর্মকর্তা ফয়সাল আহাম্মেদ।
অনুষ্ঠানে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা, পৌর বিএনপির নেতৃবৃন্দ, সাংবাদিক, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
আয়োজকেরা আশা প্রকাশ করেন, জাতীয় কন্যা শিশু দিবস পালনের মাধ্যমে মাধবপুরে কন্যাশিশুর অধিকার রক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ এবং তাদের বিকাশের সুযোগ তৈরিতে জনসচেতনতা আরও বাড়বে।
বাংলার খবর ডেস্ক : 



















