
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন কবে থেকে শুরু হবে এবং কোন ধাপে কখন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে, তা আগামী সোমবার (১২ অক্টোবর) জানাবে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (৮ অক্টোবর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
তিনি বলেন, আগামী সোমবার কমিশনের সভা অনুষ্ঠিত হবে। ওই সভায় ইউনিয়ন পরিষদ নির্বাচন কবে শুরু হবে এবং কোন ধাপে কখন ভোট হবে, সে বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।
ইউপি নির্বাচনের তফসিল প্রসঙ্গে নির্বাচন কমিশনার বলেন, নির্বাচন কমিশন সরাসরি তফসিল ঘোষণা করবে না। জেলা নির্বাচন কর্মকর্তারা তফসিল ঘোষণা করবেন। তবে নির্বাচন কমিশন ভোটগ্রহণের জন্য নির্ধারিত সময় বা ‘স্লট’ ঠিক করে দেবে। কোন সময়ে কোন ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে, তা কমিশন নির্ধারণ করবে।
আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, কমিশন শুরুতে যে সময়ের মধ্যে ইউপি নির্বাচন সম্পন্ন করার কথা জানিয়েছিল, সেই নির্ধারিত সময়ের মধ্যেই সব ধাপের নির্বাচন শেষ করার বিষয়ে তারা আশাবাদী।
এদিকে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের বিষয়েও কথা বলেন নির্বাচন কমিশনার। তিনি জানান, বৈঠকে নির্বাচনসংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে নির্বাচন কমিশনের পরিচালিত পোস্টাল ব্যালট কার্যক্রম নিয়েও আলোচনা হয়।
তিনি আরও জানান, ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশন এর আগে বিভিন্ন অংশীজনের জন্য যেসব সুপারিশ দিয়েছিল, সেগুলো নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে। এসব সুপারিশ বাস্তবায়নে ইইউ কীভাবে আরও সহযোগিতা করতে পারে, সে বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে।
আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, ইইউ সহযোগিতার পরিধি বাড়িয়ে নির্বাচন কমিশনের সঙ্গে কাজ করতে চাইলে কমিশন তা স্বাগত জানাবে।
বাংলার খবর ডেস্ক : 
















