
পারভেজ হাসান লাখাই প্রতিনিধি:
হবিগঞ্জের লাখাইয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক ও চুরি প্রতিরোধ এবং জনদুর্ভোগ কমাতে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তারেক হাসানের সভাপতিত্বে সভায় প্রধান আলোচক ছিলেন লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ।
সভায় গত মাসের অপরাধ চিত্র তুলে ধরে ওসি জানান, গত এক মাসে লাখাই থানায় মোট ১২টি মামলা হয়েছে। এর মধ্যে ৫টি মাদক, ১টি নারী নির্যাতন, ১টি হত্যা এবং ৪টি মারামারির মামলা রয়েছে।
সভায় মাদক ও চুরি প্রতিরোধে পুলিশি তৎপরতার পাশাপাশি সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়। জনপ্রতিনিধি, সুশীল সমাজ, গণ্যমান্য ব্যক্তি ও আলেম সমাজের সমন্বয়ে প্রতিটি ওয়ার্ডে কমিটি গঠন করে মাদকবিরোধী সভা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। পরদিন থেকেই ওয়ার্ডভিত্তিক মাদকবিরোধী কার্যক্রম শুরু করার কথা জানানো হয়।
এছাড়া বুল্লাবাজারসহ উপজেলার বিভিন্ন বাজারে চুরি প্রতিরোধে সিসি ক্যামেরার আওতা বাড়ানো, নৈশকালীন পাহারা জোরদার এবং সন্দেহভাজন স্থানে তল্লাশির বিষয়ে আলোচনা হয়।
বুল্লাবাজার, কালাউক, বামৈ ও মোড়াকরি বাজারে সড়কে যত্রতত্র গাড়ি রেখে যানজট সৃষ্টি কিংবা যাত্রী ওঠানামা করলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার বিষয়ে সতর্ক করা হয়। বুল্লাবাজার চৌরাস্তায় যানজট নিরসনে আন্ডারপাস নির্মাণের দাবিও উঠে আসে।
সভায় লাখাইয়ের সীমান্তবর্তী বরাক নদীর গতিপথ পরিবর্তনের চেষ্টা বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। শুষ্ক মৌসুমে পার্শ্ববর্তী অষ্টগ্রাম উপজেলার লোকজনের সঙ্গে সম্ভাব্য বিরোধ এড়াতেও প্রয়োজনীয় পদক্ষেপের ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি সুতাং নদী থেকে ব্যক্তি মালিকানাধীন স্থানে ভরাট করা মাটি ও বালু নিলামের বিষয়টি খতিয়ে দেখার কথা বলা হয়।
এছাড়া মাদক প্রবেশের রুট চিহ্নিত করে তা দমন, লাখাই মুক্তিযোদ্ধা জিয়া ডিগ্রি কলেজের রাস্তা সংস্কার এবং সন্ধ্যার পর উপজেলা পরিষদ চত্বরে বহিরাগতদের অবাধ চলাচল নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় লাখাই উপজেলা বিএনপির সভাপতি ড. এম আক্তার আহাদ চৌধুরী স্বপন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবদুল ওয়াদুদ তালুকদার আব্দাল, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি শেখ মোহাম্মদ ফরিদ, সাংগঠনিক সম্পাদক সামছুদ্দিন আহমেদ, যুবদলের আহ্বায়ক মাহমুদুল হাসান, তাজুল ইসলাম মোল্লা, লাখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ আহমেদ রুপন, বামৈ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাদ হোসেন ফুরুক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কাজী সামছুল আরেফিন, লাখাই প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ বাহার উদ্দিন, উপজেলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক পারভেজ হাসান ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জামাল উদ্দিনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
বাংলার খবর ডেস্ক : 



















