
পারভেজ হাসান, লাখাই প্রতিনিধি :
আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ, আনন্দঘন ও সুশৃঙ্খল পরিবেশে উদযাপনের লক্ষ্যে হবিগঞ্জের লাখাই থানা পুলিশের উদ্যোগে প্রস্তুতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় লাখাই থানা প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) শরীফ আহমেদের সভাপতিত্বে সভায় উপজেলার সম্ভাব্য ৬৭টি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্টরা অংশ নেন।
সভায় দুর্গাপূজা চলাকালে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা, ট্রাফিক ব্যবস্থাপনা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।
মতবিনিময় সভায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট লাখাই উপজেলা শাখার সভাপতি আশিষ দাস গুপ্ত ও সাধারণ সম্পাদক রনজিত চন্দ্র দেব, পূজা উদযাপন ফ্রন্ট লাখাই উপজেলা শাখার সভাপতি অপূর্ব চন্দ্র দেব এবং পূজা উদযাপন পরিষদ লাখাই উপজেলা শাখার সভাপতি প্রাণেশ গোস্বামী উপস্থিত ছিলেন।
এছাড়া লাখাই থানার ইন্সপেক্টর (তদন্ত) কৃষ্ণ চন্দ্র মিত্রসহ থানার বিভিন্ন বিটের পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় ওসি শরীফ আহমেদ বলেন, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে। প্রতিটি পূজামণ্ডপে স্বেচ্ছাসেবক নিয়োজিত রাখা এবং যেকোনো প্রয়োজনে পুলিশ প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার জন্য তিনি সংশ্লিষ্টদের আহ্বান জানান।
এ সময় উপস্থিত পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকরা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের বিষয়ে বিভিন্ন মতামত তুলে ধরেন। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।
বাংলার খবর ডেস্ক : 



















