
মোঃ আব্দুল হান্নান, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া):
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মাহিদা ধর্ষণ ও হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৩টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে ‘ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়া’র উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার আহ্বায়ক শেখ আরিফ বিল্লাহ আজিজী। তিনি বলেন, ধর্ষণ ও হত্যার মতো জঘন্য অপরাধ কোনোভাবেই একটি সভ্য সমাজে মেনে নেওয়া যায় না। মাহিদার সঙ্গে ঘটে যাওয়া নৃশংস ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
মানববন্ধনে বক্তারা মাহিদার ধর্ষণ ও হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আদালতে উপস্থাপনের দাবি জানান। একই সঙ্গে অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান তারা।
বক্তারা বলেন, নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করা শুধু পরিবারের দায়িত্ব নয়, রাষ্ট্র ও সমাজেরও দায়িত্ব। ধর্ষণ, হত্যা ও নারী নির্যাতনের মতো অপরাধের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি ভুক্তভোগী পরিবার যাতে ন্যায়বিচার পায়, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।
এ সময় আরও বক্তব্য দেন ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার সদস্যসচিব মোহাম্মদ সাবের হোসেন, ঐক্যবদ্ধ আশুগঞ্জের প্রতিনিধি জয়ন্তী বিশ্বাস, জাতীয় ছাত্র শক্তি ব্রাহ্মণবাড়িয়া জেলার সদস্যসচিব শিমুল চৌধুরী, সজল চৌধুরী, যুবায়ের আহমদ, সাঈদ আব্দুল্লাহ হিমু, সুলতান নাঈমসহ সংগঠনের নেতৃবৃন্দ।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন এবং মাহিদার ধর্ষণ ও হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান। পরে মানববন্ধন শেষে একটি সংক্ষিপ্ত বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলকারীরা ধর্ষণ ও হত্যার প্রতিবাদ এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
বাংলার খবর ডেস্ক : 



















