
মোঃ আব্দুল হান্নান, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া:
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নিখোঁজের দুই দিন পর মোঃ ফরিদুল রহমান (৩৬) নামে এক মাদ্রাসা সুপারের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার গুনিয়াউক ইউনিয়নের দক্ষিণ বেলমুড়া এলাকার একটি ডোবা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ফরিদুল রহমান হবিগঞ্জের বানিয়াচং উপজেলার রায়পুর গ্রামের ছাবির হোসেনের ছেলে। তিনি মাধবপুর উপজেলার মোহাম্মদপুর বাগে মদিনা ইবতেদায়ি মাদ্রাসার সুপারিনটেনডেন্ট হিসেবে কর্মরত ছিলেন। তাঁর এক ছেলে ও দুই মেয়ে রয়েছে।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) থেকে ফরিদুল রহমান নিখোঁজ ছিলেন। স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। শনিবার বিকেলে গুনিয়াউক ইউনিয়নের বেলমুড়া এলাকার একটি ডোবায় অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।
পরে মরদেহের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্বজনেরা ঘটনাস্থলে এসে মরদেহটি ফরিদুল রহমানের বলে শনাক্ত করেন।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোহেল রানা বলেন, মাদ্রাসা সুপার ফরিদুল রহমান নিখোঁজ হওয়ার বিষয়ে পরিবারের পক্ষ থেকে মাধবপুর থানায় কোনো অভিযোগ করা হয়নি।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুল ইসলাম জানান, দুই দিন আগে তিনি মাদ্রাসা থেকে বের হয়ে নিখোঁজ হন। শনিবার ডোবা থেকে তাঁর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। এটি হত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
বাংলার খবর ডেস্ক : 



















