
জালাল উদ্দিন লস্কর, স্টাফ রিপোর্টার:
হবিগঞ্জের সিভিল সার্জন ডা. রত্নদীপ বিশ্বাস মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন। সোমবার তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ও সেবাকেন্দ্র ঘুরে দেখেন এবং চিকিৎসাসেবা, রোগী ব্যবস্থাপনা ও সার্বিক কার্যক্রমের খোঁজখবর নেন।
পরিদর্শনকালে মাধবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. মো. ইমরুল হাসানসহ চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন। সিভিল সার্জন হাসপাতালের জরুরি বিভাগ, বহির্বিভাগ, অন্তর্বিভাগ, এনসিডি কর্ণার, আইএমসিআই ও পুষ্টি কর্ণার, ডটস কর্ণার, এএনসি ও পিএনসি কর্ণার, ল্যাবরেটরি, এক্স-রে, ইসিজি, আলট্রাসনোগ্রাম, জিন এক্সপার্ট রুম, স্টোর, ইপিআই স্টোর ও রান্নাঘরসহ বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন।
এ সময় তিনি সেবাগ্রহীতা ও রোগীদের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসাসেবা ও হাসপাতালের বিভিন্ন সুযোগ-সুবিধা সম্পর্কে জানতে চান। রোগীদের ভিড়ের মধ্যেও হাসপাতালের সেবা কার্যক্রম সুশৃঙ্খলভাবে পরিচালিত হচ্ছে দেখে সন্তোষ প্রকাশ করেন তিনি।
পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে আয়োজিত মাতৃপুষ্টিবিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেন সিভিল সার্জন ডা. রত্নদীপ বিশ্বাস। কর্মশালায় তিনি চলমান স্বাস্থ্যসেবা কার্যক্রম ও রোগী ব্যবস্থাপনার বিভিন্ন দিক নিয়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন।
সেবার মান আরও উন্নত করতে প্রয়োজনীয় করণীয় বিষয়ে সংশ্লিষ্টদের বিভিন্ন দিকনির্দেশনা দেন সিভিল সার্জন। কর্মশালায় মেডিকেল অফিসার (এএনসি), সিনিয়র স্টাফ নার্স, মিডওয়াইফ, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, ফার্মাসিস্ট, পরিসংখ্যানবিদ ও স্টোর কিপারসহ মোট ২৪ জন কর্মকর্তা-কর্মচারী অংশ নেন।
এদিকে সিভিল সার্জন কার্যালয়ের কীটতত্ত্ব টেকনিশিয়ানরা মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও আশপাশের এলাকায় এডিস মশার লার্ভা অনুসন্ধান করেন। এ সময় বিভিন্ন স্থানে জমে থাকা পানির উৎস শনাক্ত করে সেগুলো ধ্বংসের বিষয়ে সংশ্লিষ্টদের পরামর্শ দেওয়া হয়।
পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে বাড়ি ও আশপাশের এলাকায় পানি জমতে না দেওয়ার জন্য সবাইকে সচেতন ও উদ্বুদ্ধ করা হয়। ডেঙ্গুর বিস্তার রোধে নিয়মিতভাবে জমে থাকা পানি অপসারণ এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
বাংলার খবর ডেস্ক : 



















