
আফতাবুল ইসলাম মেহেরাব, হাইমচর প্রতিনিধি: চাঁদপুরের হাইমচর উপজেলা সদরে সরকারি কলেজের সামনে ঝুঁকিপূর্ণ সড়কের ক্ষতিগ্রস্ত একটি অংশ সংস্কার করে চলাচলের উপযোগী করা হয়েছে। সড়কের দুরবস্থা নিয়ে সংবাদ প্রকাশের একদিনের মধ্যেই সংস্কারের উদ্যোগ নেওয়ায় স্বস্তি ফিরেছে স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী ও পথচারীদের মধ্যে।
এর আগে হাইমচর সরকারি কলেজের সামনে গুরুত্বপূর্ণ সড়কের একটি কালভার্টের অংশ ভেঙে সেখানে বড় গর্তের সৃষ্টি হয়। এতে পথচারী ও বিভিন্ন যানবাহনের চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। বিশেষ করে শিক্ষার্থী ও মোটরসাইকেল চালকদের দুর্ঘটনার আশঙ্কা নিয়ে চলাচল করতে হচ্ছিল।
বিষয়টি নিয়ে ‘হাইমচর সরকারি কলেজের সামনে ঝুঁকিপূর্ণ সড়ক, সংস্কারের দাবি’ শিরোনামে সংবাদ প্রকাশ করা হয়। সংবাদটি প্রকাশের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নিয়ে সড়কের ক্ষতিগ্রস্ত অংশটি সংস্কার করে দেয়।
সংস্কারের ফলে বর্তমানে ওই সড়কে স্বাভাবিকভাবে যানবাহন ও পথচারীদের চলাচল করতে পারছেন। এতে হাইমচর সরকারি কলেজের শিক্ষার্থী ও শিক্ষকসহ স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে।
সড়কটি হাইমচর সরকারি কলেজের পাশাপাশি আশপাশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাধারণ মানুষের গুরুত্বপূর্ণ যাতায়াতের পথ। একই সঙ্গে উপজেলা পরিষদ, হাইমচর থানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ভূমি অফিসসহ বিভিন্ন সরকারি দপ্তরে যাতায়াতের ক্ষেত্রেও সড়কটির গুরুত্ব রয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, সংবাদ প্রকাশের পর দ্রুত ক্ষতিগ্রস্ত অংশ সংস্কার করায় জনদুর্ভোগ অনেকটাই কমেছে। এলাকার মানুষের সমস্যা ও দুর্ভোগ সংবাদমাধ্যমে তুলে ধরার পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেওয়ায় তারা সন্তোষ প্রকাশ করেন।
তবে স্থানীয়দের প্রত্যাশা, বর্তমানে সংস্কার করা অংশটি যেন আবার দ্রুত ক্ষতিগ্রস্ত না হয়, সে জন্য প্রয়োজনীয় স্থায়ী ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি হাইমচরের অন্যান্য ঝুঁকিপূর্ণ সড়ক ও স্থাপনাও পর্যায়ক্রমে সংস্কারের উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
সংবাদ প্রকাশের পর দ্রুত সংস্কারের এমন উদ্যোগ জনদুর্ভোগ নিরসনে ইতিবাচক দৃষ্টান্ত তৈরি করেছে বলে মনে করছেন স্থানীয়রা। ভবিষ্যতেও জনস্বার্থসংশ্লিষ্ট সমস্যা চিহ্নিত করে দ্রুত সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা হাইমচরবাসীর।
বাংলার খবর ডেস্ক : 



















